নতুন সরকার গঠন করে বিএনপি লুটেরাদের পুনর্বাসন করবে: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম

খালেদা জিয়ার নতুন ধারার সরকার গঠনের সমালোচনা করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘নতুন ধারার সরকার গঠন করে বিএনপি কী করতে চায়, জনগণ তা জানে। তারা লুটেরাদের পুনর্বাসন করবে। আবার হাওয়া ভবনের উত্থান হবে। এটা বাংলার সচেতন জনগণ আর হতে দেবে না।’ আজ রোববার জাতীয় প্রেসক্লাবে জনতার প্রত্যাশা নামের একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় কামরুল এসব কথা বলেন। আইন প্রতিমন্ত্রী বলেন, বিএনপির নতুন ধারার সরকার গঠনের রঙিন স্বপ্ন বাস্তবায়িত হবে না। ঈদের পর গণতন্ত্রকামী মানুষের সমর্থন নিয়ে আওয়ামী লীগ তার সব সাংগঠনিক শক্তিসহ বিএনপির মোকাবিলায় মাঠে নামবে। কামরুল ইসলাম বলেন, ‘দেশে কোনো সংকট নেই। আছে শুধু কৃত্রিম সংকট। আমরা শুধু একশ্রেণীর ষড়যন্ত্র মোকাবিলা করছি। বিএনপি দেশ-বিদেশে যতই প্রপাগান্ডা চালাক, কাজে আসবে না। বিএনপির সব হুমকি-ধমকি এবং মিথ্যাচার ও সাংঘর্ষিক অবস্থার মোকাবিলার জন্য আমরা সাংগঠনিকভাবে প্রস্তুত আছি। ঈদের পর সর্বশক্তি নিয়ে তাদের মোকাবেলায় মাঠে নামবে আওয়ামী লীগ।’

বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দেশ পরিচালনা করবে, না পরাজিত শক্তি, এটাই আজ জাতির কাছে প্রশ্ন। দেশের মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা আগামী নির্বাচনে কাকে ক্ষমতায় আনবে।’

সংগঠনের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা শাহে আলম মুরাদ, বলরাম পোদ্দার, অরুণ সরকার প্রমুখ।