নতুন সরকার গঠনের পর তিস্তা নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণ বলেছেন, ভারতে নতুন সরকার গঠনের পর পররাষ্ট্রনীতি ঘোষণা করা হবে। এরপর তিস্তা চুক্তিসহ বাংলাদেশ ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হবে। পঙ্কজ সরণ গতকাল শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ভারতের নতুন প্রধানমন্ত্রীর দেশের বাইরে প্রথম ঢাকা সফর প্রসঙ্গে জানতে চাইলে হাইকমিশনার বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। বিষয়টির জন্য অপেক্ষা করতে হবে।
গতকাল সকাল সাড়ে ১১টার দিকে হাইকমিশনার তাঁর মা প্রমিলা ভাটেকারকে নিয়ে কুমুদিনী চত্বরে পেঁৗছালে কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক শ্রীমতি সাহা তাঁকে স্বাগত জানান। এরপর তিনি কুমুদিনী মিউজিয়াম, হাসপাতাল, নার্সিং স্কুল ও কলেজ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি বলেন, দানবীর রণদা প্রসাদ সাহার স্থাপনা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অন্যতম নিদর্শন, যা স্বাস্থ্য ও শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এ সময় টাঙ্গাইলের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (উপসচিব) গৌতম চন্দ্র পাল, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী, কুমুদিনী হাসপাতালের পরিচালক দুলাল চন্দ্র পোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।