বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আরও একবার শপথ গ্রহণের প্রায় সঙ্গে সঙ্গেই শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। সেই সঙ্গে একটি শুভেচ্ছা বার্তাও পাঠান তিনি।
গতকাল রোববার বিকেলে শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই হাসিনাকে ফোন করে শুভেচ্ছা জানিয়ে মনমোহন বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে তাঁর ও বাংলাদেশের জনগণের প্রচেষ্টা সফল হোক। এই প্রচেষ্টার প্রতি ভারতের শুভেচ্ছা রয়েছে।
এর আগে সহিংস নির্বাচন শেষ হওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হাসিনা সরকারের পাশে থাকার ইঙ্গিত দিয়েছিল। গতকাল মনমোহনের ফোন ও বার্তা সেই ইঙ্গিতকেই স্পষ্টতর করল। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়ার একাংশ যখন বাংলাদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টার ত্রুটি রাখছে না এবং নির্বাচন বাতিল করে আরও একটি নির্বাচনের পক্ষে মত দিয়েছে, সেই সময় ভারতের এই বার্তা ও মনমোহন সিংয়ের ফোন হাসিনার নতুন সরকারকেও মান্যতা দিল। এতে ভারত এটাও পরিষ্কার করল যে গণতন্ত্রকে গভীরে প্রোথিত করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী হওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী হাসিনা সেই কাজে ব্রতী হয়েছেন এবং ভারত তাঁর পাশে রয়েছে।
মনমোহনের বার্তা ও ফোনালাপ এই ইঙ্গিতও দিচ্ছে যে এর আগে আরও একটি নির্বাচনের কথা ভারত বললেও তা করতে কখনো অনর্থক চাপ সৃষ্টি করা হবে না। বরং গণতান্ত্রিক ব্যবস্থাকে জোরদার করতে হাসিনা যা করবেন, ভারত তাতে সমর্থন জোগাবে।
এটা ঠিক, এই নির্বাচন ও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের মনোভাবের পার্থক্য রয়েছে। ভারত বারবার যুক্তরাষ্ট্রকে বলে এসেছে, জামায়াতকে নিয়ে তাদের মূল্যায়নে ভারতের প্রবল আপত্তি রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, জাতিসংঘ সহিংস নির্বাচনকে মেনে না নিয়ে আরও একটা ‘সর্ব গ্রহণযোগ্য’ নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। কিন্তু ভারত যেভাবে এই নির্বাচনকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বৈধ বলে ঘোষণা করেছে, হাসিনার কাছে তা একটা বিরাট সমর্থন। ভারতের মতোই রাশিয়াও দাঁড়িয়েছে হাসিনার পক্ষে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র অনুযায়ী, ভারত চায় বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক শক্তিগুলো জোরদার হোক। যাতে দেশটির গণতন্ত্রবিরোধী বিভেদকামী শক্তি পরাস্ত হয়। গণতন্ত্রী, উদার, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ বাংলাদেশই দক্ষিণ এশিয়ার সুস্থিতি ও শান্তি সুনিশ্চিত করার পাশাপাশি এ উপমহাদেশের আর্থিক অগ্রগতির সহায়ক হবে বলে বিশ্বাস ভারতের।