ওআইসি বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করে যাবে বলে জানিয়েছেন ৫৭ জাতির সংস্থাটির সফররত মহাসচিব আয়াদ আমিন মাদানি। ৫ জানুয়ারির নির্বাচন অবাধ হয়েছে বলে মন্তব্য করেছেনতিনি।
গতকাল রোববার পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়াদ আমিন মাদানি সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় পররাষ্ট্রসচিব বলেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম শরণার্থী সমস্যার দ্রুত সমাধান চায় ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি)। মহাসচিব এ প্রক্রিয়ায় বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন।
মহাসচিব মাদানি বলেন, ওআইসি কোনো সদস্যদেশের অভ্যন্তরীণ বিষয়ে জড়ায় না। যারাই ক্ষমতায় থাকুক, তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। ওআইসি বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে কাজ করে যাবে।
চার দিনের সফরে ওআইসির দশম মহাসচিব আয়াদ আমিন মাদানি গতকাল ভোরে ঢাকায় পৌঁছান। সফরের প্রথম দিন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ছাড়াও তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে দেখা করেন।
আমিন মাদানি সাংবাদিকদের জানান, তিনি ওআইসি নিয়ে বাংলাদেশের পরিকল্পনা ও অগ্রাধিকার সম্পর্কে জানতে ঢাকা সফর করছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত জানুয়ারিতে ওআইসির মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর সাবেক সৌদি মন্ত্রী মাদানি ইতিমধ্যেই মিসর, সংযুক্ত আরব আমিরাত ও আজারবাইজান সফর করেছেন। আগামী বছর শেষ হতে যাচ্ছে ওআইসির ১০ বছর মেয়াদি কর্মপরিকল্পনা। আগামী কর্মপরিকল্পনা চূড়ান্ত করার আগে সদস্যদেশগুলোর মতামত নেওয়ার অংশ হিসেবে মহাসচিব বাংলাদেশ সফর করছেন।
পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমিন মাদানি বলেন, আদর্শিকভাবে মুসলিম বিশ্ব এই মুহূর্তে দুটি চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এর একটি হচ্ছে শিয়া-সুন্নি সহিংসতা। সদস্য হিসেবে মুসলিম দেশগুলোকে এর বিরুদ্ধে লড়তে হবে।
মাদানি বলেন, ‘সংকীর্ণ চিন্তার জঙ্গিবাদের কাছে আমরা নিজেদের পরাজিত হতে দিতে পারি না। কারণ, ইসলাম সহনশীলতা, শান্তিপূর্ণ সহাবস্থান, বিজ্ঞানভিত্তিক মুক্তচিন্তার ধর্ম।’ অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মাদানি সাংবাদিকদের বলেন, ‘আমাদের আগ্রহ হচ্ছে ক্ষুদ্রঋণের উন্নয়ন নিয়ে। অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে এটাকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।’