নতুন সরকারের সঙ্গে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র
সংসদ নির্বাচন নিয়ে অসন্তোষ থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করে যাবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেরি হার্ফ গত সোমবার দপ্তরের নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান।
‘বাংলাদেশে নির্বাচনের পর শেখ হাসিনা নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আপনারা এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে স্বীকৃতি দেননি। নির্বাচনের পর গঠিত এই সরকারকে এখন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে কি না—সাংবাদিকের এ প্রশ্নের জবাবে হার্ফ বলেন, ‘আমরা অবশ্যই নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করব। কিন্তু এ রকম নির্বাচন বিষয়ে ইতিমধ্যে আমরা আমাদের হতাশার বিষয়টি পরিষ্কার করেছি। আমাদের দৃষ্টিতে যেহেতু নতুন সংসদের অধিকাংশ আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি বা নামমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল, কাজেই এ নির্বাচনে বাংলাদেশের জনগণের ইচ্ছার বিশ্বাসযোগ্য প্রতিফলন ঘটেনি। সরকারের সঙ্গে কাজ করার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে তাঁর অভিমত প্রকাশ করে যাবে।
সাংবাদিকেরা মেরি হার্ফের কাছে জানতে চান, ‘আপনারা কি শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবেন?’ জবাবে তিনি বলেন, ‘আমরা অবশ্যই কাজ চালিয়ে যাব, একই সঙ্গে নির্বাচন নিয়ে আমাদের উদ্বেগের বিষয়টিও পরিষ্কার জানিয়ে রাখছি।’