নতুন সহ-উপাচার্য হলেন আনন্দ কুমার সাহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় চার মাস পদ শূন্য থাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা। গতকাল সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আনন্দ কুমার সাহা বর্তমানে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি বিশ্ববিদ্যালয় শাখা-১-এর সহকারী উপসচিব শাহনাজ সামাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতি ও চ্যান্সেলর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৭৩-এর ১৩ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহাকে এ বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করতে সম্মতি জানিয়েছেন। সহ-উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ চার বছর হবে। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে এর পূর্বেই এ নিয়োগাদেশ বাতিল করতে পারবেন।’ এই প্রজ্ঞাপন জারির পর গতকাল বিকেল সাড়ে চারটার দিকে সহ-উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছেন আনন্দ কুমার সাহা।