নতুন সাংসদদের প্লট দিতে বললেন রওশন
সরকারি প্লট না পাওয়া নতুন সাংসদদের প্লট বরাদ্দ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। গতকাল সোমবার সংসদের অষ্টম অধিবেশনের সমাপনী দিনের বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।
রওশন এরশাদ বলেন, ‘যাঁরা নতুন সদস্য তাঁদের প্লট নেই। তাঁদের প্লট বরাদ্দ দেন। এ ব্যাপারে আমি মন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’ এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর আসন থেকে মাইক ছাড়াই বলেন, ‘আমারও তো প্লট নেই।’ জবাবে রওশন বলেন, ‘সারা দেশই তো প্রধানমন্ত্রীর। তাঁর প্লট লাগবে কেন? তিনি চাইলে আমার বাড়ি ছেড়ে দেব।’
এর আগে রওশন সাংসদদের গাড়ির জন্য আলাদা নম্বরপ্লেট দাবি করে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর উদ্দেশে বলেন, সংসদে ৩৫০ জন সদস্য। কিন্তু সাংসদদের নামে রাস্তায় স্টিকার সাড়ে পাঁচ হাজার। এসব গাড়ি কারা চালাচ্ছে, কে ঘুরে বেড়াচ্ছে? এমন একটা উপায় বের করতে হবে, যাতে অন্যরা সাংসদদের গাড়ির স্টিকার ব্যবহার করতে না পারে। দূতাবাসের মতো আলাদা নম্বরপ্লেট দেন।
অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল পাস: সরকার টু সরকার (জিটুজি) পর্যায়ে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সুযোগ রেখে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল ২০১৫ সংসদে পাস হয়েছে। এই বিলে বিরোধীদলীয় সদস্য ফখরুল ইমামের একটি সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়। বিলটি পাসের জন্য উত্থাপন করেন সংসদকাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী মতিয়া চৌধুরী।
বিলে বলা হয়েছে, সিটি করপোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় তথ্যপ্রযুক্তিভিত্তিক শিল্প স্থাপন করা যাবে। বিদেশি সরকারের সঙ্গে চুক্তির পাশাপাশি সরকারের এক বা একাধিক সংস্থার মাধ্যমে পারস্পরিক অংশীদারির ভিত্তিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিধানও বিলে রাখা হয়েছে।