২১ আগস্ট গ্রেনেড হামলাসংক্রান্ত হত্যা ও বিস্ফোরক মামলায় নতুন করে ২০ জন সাক্ষী উপস্থাপনের অনুমতি দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন এ আদেশ দেন। আজ মঙ্গলবার এ মামলা সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে।
রাষ্ট্রপক্ষে এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান ২ ফেব্রুয়ারি ফৌজদারি কার্যবিধির ৫৪০ ধারায় নতুন সাক্ষী উপস্থাপনের আবেদন করেন। এতে বলা হয়, মামলা প্রমাণের স্বার্থে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সাবেক হাকিম (বর্তমানে লক্ষ্মীপুরের যুগ্ম জজ) শাহরিয়ার মাহমুদ আদনান, পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, আবুল কাসেম, গোপালগঞ্জ থানার ওসি বোরহান উদ্দিন, কোটালীপাড়া থানার ওসি তোতা মিয়াসহ ২০ জনকে সাক্ষী হিসেবে উপস্থাপন করার অনুমতি প্রয়োজন।
গতকাল শুনানি শেষে আদালত এ আবেদন মঞ্জুর করেন। এর আগে মামলার অভিযোগপত্রে ৪৯১ জনকে সাক্ষী করা হয়েছিল। যাঁদের মধ্যে ২০৭ জনের সাক্ষ্য-জেরা ইতিমধ্যে শেষ হয়েছে। ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে মামলার বিচারকাজ চলছে।