জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের রাডার ক্রয় মামলায় সাক্ষ্যগ্রহণের আদেশ বাতিল করে সর্বোচ্চ আদালতের দেওয়া সিদ্ধান্ত বহাল রয়েছে। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদন (রিভিউ) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ সোমবার এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। অন্যদিকে, মামলার আরেক আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদের পক্ষে ছিলেন আইনজীবী শামসুদ্দিন বাবুল।
আদেশের পর দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, রাডার ক্রয় মামলায় নতুন করে সাক্ষ্য নিতে আবেদন করা হলে হাইকোর্ট নেওয়ার অনুমতি দেন। পরে সুলতান মাহমুদ আপিল বিভাগে আবেদন করেন। আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বাতিল করেন। এই আদেশের পুনর্বিবেচনা চাওয়া হয়েছিল। আবেদন খারিজ হওয়ায় তিনি হতাশ বলে জানান।
এর আগে বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে দুদকের করা এক আবেদন নিষ্পত্তি করে গত বছরের ২৪ নভেম্বর হাইকোর্ট মামলাটি যুক্তিতর্ক শুনানির পর্যায় থেকে প্রত্যাহার করে অভিযোগপত্রে থাকা সাক্ষ্য পরীক্ষার জন্য প্রসিকিউশনকে (দুদক) সুযোগ দিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতকে নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ৩১ মার্চের মধ্যে বিচার শেষ করতে নির্দেশ দেন। এই আদেশ স্থগিত চেয়ে মামলার অপর আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ ওই আবেদন করেন। চেম্বার বিচারপতি গত বছরের ২০ ডিসেম্বর এ আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এরই ধারাবাহিকতায় ১৫ ফেব্রুয়ারি বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগে আসে। অভিযোগপত্রে থাকা সাক্ষ্য (অবশিষ্ট) পরীক্ষার সুযোগ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ বাতিল করেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিমানবাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদের করা (লিভ টু আপিল) নিষ্পত্তি করে এ আদেশ দেওয়া হয়।
তথ্যানুসন্ধানে জানা যায়, ১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো ওই মামলা করে। এতে অভিযোগ করা হয়, এরশাদসহ অপর আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে আর্থিক সুবিধা নিয়ে থমসন সিএসএফ কোম্পানির রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং কোম্পানির রাডার কেনেন। এতে সরকারের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকার আর্থিক ক্ষতি হয়। তদন্ত শেষে ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে এরশাদসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ১৯৯৫ সালের ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অন্য আসামিরা হলেন বিমানবাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ, তৎকালীন সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ ও ইউনাইটেড ট্রেডার্সের পরিচালক এ কে এম মুসা।