
বিশালাকার ক্যানভাসজুড়ে একের পর এক মৃতদেহ। সারি সারি লাশের পাশে স্বজনহারা এক মানুষের বিলাপের ছবি ‘মনপুরা ৭০’। জয়নুল আবেদিন এই বিখ্যাত ছবি আঁকেন দক্ষিণাঞ্চলের চর মনপুরায় ১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর। এ ঝড়ে প্রাণ হারান লক্ষাধিক মানুষ।
জয়নুল আবেদিনের এই ছবি শোভা পাচ্ছে রাজধানীর জাতীয় জাদুঘরের ৩৫ নম্বর গ্যালারিতে। শিল্পাচার্যের নামাঙ্কিত এই গ্যালারিতে অনেক দিন ধরেই প্রদর্শিত হচ্ছিল তাঁর ছবি। এবার এই কক্ষটি আবার নতুন করে সাজানো হয়েছে। সাজানোর পর জয়নুল আবেদিন গ্যালারিটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হলো গতকাল শনিবার। আইএফআইসি ব্যাংকের অর্থায়নে ও দৃকের সহযোগিতায় পুরো কাজটি সম্পন্ন হয়েছে।
নবসজ্জিত এই গ্যালারিতে ৪৭টি ছবি স্থান পেয়েছে। ডিজিটাল সংস্করণে দেখা যাবে আরও শতাধিক ছবি। এ ছাড়া আছে জয়নুলের জীবনের বিভিন্ন সময়ের ছবি, তাঁর ব্যবহৃত ছবি আঁকার সরঞ্জাম। জয়নুলের প্রথম দিককার কাজ, শিল্পী হিসেবে বেড়ে ওঠা, পরিণত জীবনের কাজের কালানুক্রমিক ধারা পাওয়া যাবে এখানে। ধরা যাবে শিল্পাচার্যের অঙ্কনশৈলীর পরিবর্তনগুলোও। চারটি ধাপে পুরো ব্যাপারটি দেখানো হয়েছে। ‘উন্মেষ’ পর্বে (১৯৩৭-৩৯) তাঁর চারটি স্কেচ স্থান পেয়েছে। ১৯৪০-৪৮ সময়কে বলা হচ্ছে ‘ঋজু জয়নুল’ পর্ব। জয়নুলের বিখ্যাত দুর্ভিক্ষের ছবিগুলো আঁকা হয় এ পর্বে। পঞ্চাশের দশকের শুরুতে ‘নতুন আঙ্গিক’ পর্বে জয়নুল গ্রামীণ জীবনের অতিসাধারণ প্রাত্যহিক জীবনের ছবি আঁকা শুরু করেন। প্রতীকী গুরুত্বসম্পন্ন ছবিগুলোর কম্পোজিশনে প্রাচ্যরীতির ছাপ আছে। ‘মাঝির গুন টানা’, ‘সাঁওতাল নারী’, ‘চারটি অবয়ব’, ‘দুই বোন’ ছবিগুলো আঁকা হয় এ পর্বে। আর পঞ্চাশের দশকের শেষভাগ থেকে তিনি যে ছবি এঁকেছেন, সেগুলো রাখা হয়েছে ‘জনগণের শিল্পী’ পর্বে। এ পর্বে আবার প্রথম পর্যায়ে ফিরে যান জয়নুল। তাঁর ছবিতে ফিরে আসে গতিময় ও শক্তিশালী রেখার ব্যবহার।
গতকাল বিকেলে জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘মানুষ তৈরির জন্য শুধু শিক্ষা যথেষ্ট নয়। রুচির বিকাশের জন্য চাই কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে পরিচয়। জয়নুল আবেদিন সারা জীবন মানুষের জন্য এ কাজটিই করে গেছেন।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার। সংস্কৃতিমন্ত্রী বলেন, জয়নুলের নামে আলাদা একটি চিত্রশালাই হওয়া উচিত। একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে জাতীয় চিত্রশালাকে গড়ে তোলা প্রয়োজন। অনুষ্ঠানের সভাপতি ছিলেন শিল্পী হাশেম খান। জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী স্বাগত ভাষণে বলেন, যে আধুনিক কলাকৌশল ব্যবহার করে বর্তমান বিশ্বে জাদুঘর সাজানো হয়, সেই একই ধরনের কলাকৌশল ব্যবহার করে এই প্রথম আমাদের জাদুঘরে কোনো গ্যালারি সজ্জিত করা হলো।
নবসজ্জিত গ্যালারি দেখে জয়নুল আবেদিনের ছেলে ময়নুল আবেদিন বলেন, ‘ডিজিটালে ছবি দেখানোর কাজ, বাবার একটি জীবনী যোগ করা—এ কাজগুলো ভালো হয়েছে। কিন্তু দৃষ্টিস্তরের ওপরে কিছু ছবি রাখা হয়েছে। সেটা না করলে ভালো হতো।’ অন্যদিকে গ্যালারির কিউরেটর এ এস এম রেজাউর রহমান বলেন, জয়নুলের কাজ এখনো সমসাময়িক। তাই ছবিগুলোকে নন্দনতাত্ত্বিকভাবে আধুনিক উপস্থাপনের চেষ্টা ছিল। ছবির ফ্রেমে পাঁচ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ছবির ক্ষতি করে না এমন আলো ব্যবহৃত হয়েছে।
কথা বলতে বলতে চোখে পড়ে পঁচাত্তরে আঁকা শিল্পাচার্যের একটি ছবি। ‘দুটি গরু’ শিরোনামের এই ছবির গায়ে অসংখ্য মানুষের স্বাক্ষর। রেজাউর রহমান বলেন, শিল্পাচার্য নিজেই প্রদর্শনীর সময় উপস্থিত দর্শকদের অনুরোধ করেছিলেন তাঁর ছবিতে স্বাক্ষর করতে। এভাবে গণমানুষ হয়ে যান তাঁর শিল্পের ভাগীদার।