রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সাতটি নতুন বিভাগে স্নাতক সম্মান (অনার্স) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন এ তথ্য জানান।
ইলিয়াছ হোসেন বলেন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে আইন অনুষদের অধীনে ‘আইন ও ভূমি প্রশাসন’ বিভাগে ৫০ জন, প্রকৌশল অনুষদের অধীনে ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং’ বিভাগে ৩০ জন, জীব ও ভূবিজ্ঞান অনুষদের অধীনে ‘ক্লিনিক্যাল সাইকোলজি’ বিভাগে ২৫ জন এবং বিজ্ঞান অনুষদের অধীনে ‘শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান’ বিভাগে ৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। অনুমোদিত নতুন চারুকলা অনুষদের অধীনে ‘গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস’ বিভাগে ৪৫ জন, ‘চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র’ বিভাগে ৪৫ এবং ‘মৃৎশিল্প ও ভাস্কর্য’ বিভাগে ৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এ ছাড়া ওই শিক্ষাবর্ষে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে বিবিএতে ৫০ জন এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে বিএড অনার্সে ৫০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।