নতুন সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে গতকাল কুড়িগ্রামের শহীদ মিনার গোলচত্বরে মানববন্ধন করা হয় l প্রথম আলো
নতুন সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে গতকাল কুড়িগ্রামের শহীদ মিনার গোলচত্বরে মানববন্ধন করা হয় l প্রথম আলো

নতুন সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে কুড়িগ্রাম ও নীলফামারীতে বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা গতকাল মঙ্গলবার মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। এ ছাড়া এ পদ্ধতির প্রতিবাদে গতকাল নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র মৈত্রীর সৈয়দপুর কলেজ শাখা। প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: বেলা দুইটা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত কুড়িগ্রাম শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ মিনার গোলচত্বরে সড়ক অবরোধ করে মানববন্ধন করে। এ সময় কুড়িগ্রাম-রংপুর, কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী ও কুড়িগ্রাম-চিলমারী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধনে বক্তব্য দেয় দশম শ্রেণির শিক্ষার্থী মোহনা, জ্যোতি, মুনা, রিশা, সাকিব, আসিফ, রেশমা সোমা, আশা প্রমুখ। এর আগে শিক্ষার্থীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয়।
নীলফামারী: শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন হয়। দশম শ্রেণির ছাত্র চম্পক রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেয় জোবায়েদ জিলান, জারিন তাসমিন, সাদিয়া রহমান, জিহাদ সরকার, মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলে, আগে তাদের ১০০ নম্বরের পরীক্ষায় সৃজনশীল নয়টি প্রশ্নের মধ্যে ছয়টির উত্তর লিখতে হতো। বর্তমানে শিক্ষানীতি পরিবর্তন করে সৃজনশীল প্রশ্ন করা হয়েছে ১১টি। এর মধ্যে সাতটির উত্তর লিখতে হবে। বাড়তি একটি সৃজনশীল প্রশ্ন বাতিল করার দাবি জানায় তারা। পরে একই দাবিতে শিক্ষামন্ত্রী বরাবর দেওয়া একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে শিক্ষার্থীরা।
সৈয়দপুর (নীলফামারী): বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন হয়। বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আলম মাস্টার, বাংলাদেশ ছাত্র মৈত্রী সৈয়দপুর কলেজ শাখার সভাপতি লিমন প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের গিনিপিগ মনে করছেন। তাই তাদের ওপর নিত্যনতুন পদ্ধতি চাপানো হচ্ছে। এটা গভীর ষড়যন্ত্রের অংশ। দিনে দিনে জাতিকে মেধাশূন্য করতে শিক্ষাপদ্ধতি নিয়ে খেলাধুলা চলছে। তাঁরা অবিলম্বে সৃজনশীল পদ্ধতি পরিবর্তনের দাবি করেন।