নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করিম ভূইয়া। রাষ্ট্রপতি জিল্লুর রহমান গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর নিয়োগপত্রে সই করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইকবাল করিম ভূইয়াকে তিন বছরের মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়।এদিকে বর্তমান সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীনের চাকরির মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়েছে। নতুন সেনাপ্রধান ২৫ জুন দায়িত্ব পাবেন। বর্তমান সেনাপ্রধানের চাকরির মেয়াদ ছিল ১৫ জুন পর্যন্ত। ১০ দিন বাড়ানোর কারণে এখন ২৫ জুন তিনি অবসরে যাবেন।একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বর্তমান সেনাপ্রধানের ছেলে ক্যাপ্টেন রুহুল বাসেত আল শরিফের বিয়ে ১৭ জুন। এ কারণে বর্তমান সেনাপ্রধানের মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়েছে। এভাবে সেনাপ্রধানের মেয়াদ ১০ দিন বাড়ানোর ঘটনা নজিরবিহীন। অবশ্য আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জনস্বার্থে তাঁর চাকরির মেয়াদ ১০ দিন বাড়ানোর কথা উল্লেখ করা হয়েছে।নতুন সেনাপ্রধান কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক, কূটনৈতিকসহ নানা মহলে বেশ কিছুদিন ধরে আলোচনা ছিল। সরকার ও বিরোধী দলই শুধু নয়, রাজনৈতিক সচেতন মহলেরও বিশেষ নজর থাকে সেনাবাহিনী ও সেনাপ্রধানের দিকে। তা ছাড়া ২০১৪ সালে দেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা। এ কারণে ওই সময় সেনাপ্রধান কে থাকবেন, তা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।বর্তমানে তিন বাহিনীর প্রধানদের মধ্যে বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমান পাঁচ বছর এবং নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদ চার বছর মেয়াদে দায়িত্বে আছেন। অবশ্য বিমানবাহিনীর প্রধানের চাকরির মেয়াদ ১৩ জুন শেষ হয়ে যাবে। সরকার ইতিমধ্যে বিমানবাহিনীর নতুন প্রধান নিয়োগ দিয়েছে। বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছিল, বর্তমান ও অতীত অভিজ্ঞতার বিবেচনা থেকে বর্তমান সেনাপ্রধানের মেয়াদও আরও এক বছর বাড়ানো হতে পারে। আবার কিছুদিন এটাও শোনা যাচ্ছিল যে ইকবাল করিম অথবা চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লে. জেনারেল মইনুল ইসলাম সেনাপ্রধান হতে পারেন।সূত্র জানায়, বর্তমান তালিকা অনুসারে জ্যেষ্ঠতার দিক দিয়ে ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল আব্দুল ওয়াদুদ। তারপর একে একে আছেন ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লে. জেনারেল মোল্লা ফজলে আকবর, কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লে. জেনারেল ইকবাল করিম ভূইয়া। তৃতীয় শর্টকোর্সের মাধ্যমে ইকবাল করিম ভূইয়া ১৯৭৬ সালে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি বাহিনীতে নিষ্ঠাবান, দক্ষ ও পেশাদার বলে পরিচিত।সেনাবাহিনীর তথ্যানুসারে, সেনাপ্রধানের ক্ষেত্রে এবারও জ্যেষ্ঠতা লঙ্ঘিত হলো। তবে সেনাপ্রধান শুধু নয়, প্রশাসনের যেকোনো শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা একমাত্র মানদণ্ড হিসেবে কখনোই বিবেচিত হয়নি। অতীতেও এ ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। রাজনৈতিক সরকার সব সময়ই তাদের পছন্দের একজনকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। তবে রাজনৈতিক বিবেচনায় সেনাপ্রধান নিয়োগ দিয়েও কোনো সুফল পায়নি সরকারগুলো।স্বাধীনতার পর মেজর জেনারেল সফিউল্লাহ জ্যেষ্ঠতার তালিকায় জিয়াউর রহমানের চেয়ে এক ধাপ নিচে থাকলেও তাঁকে সেনাপ্রধান করা হয়। এতে জিয়াউর রহমান অসন্তুষ্ট হয়েছিলেন। পঁচাত্তরে বঙ্গবন্ধু নিহত হওয়ার পর তিনি সেনাপ্রধানের দায়িত্ব পান। পরে জিয়াউর রহমান সেনাপ্রধান করেন এইচ এম এরশাদকে। আর এরশাদ তাঁর বিশ্বস্ত লে. জেনারেল আতিকুর রহমান এবং পরে লে. জেনারেল মোহাম্মদ নূরউদ্দিন খানকে সেনাপ্রধান করেন। নব্বইয়ের অভ্যুত্থানে শেষ পর্যন্ত এরশাদের পাশে দাঁড়াননি লে. জেনারেল নূরউদ্দিন।১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে নূরউদ্দিনকে আস্থায় নেয়নি। ওই সময় প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রতিরক্ষাবিষয়ক সব সিদ্ধান্ত নিতেন তৎকালীন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নাসিমের পরামর্শ অনুসারে। ওই সময় সেনাবাহিনীর ভেতরেও বিভক্তি দেখা দেয়। এরপর সেনাপ্রধান হন লে. জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম। ১৯৯৪ সালের জুন মাসে দায়িত্ব পান তিনি। কিন্তু নাসিম সেনাপ্রধান হওয়ার পর দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়ার ঘটনা নিয়ে অভ্যুত্থানের চেষ্টা করেন। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার এবং ১৪ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়।২০০১ সালের সাধারণ নির্বাচনের আগে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার লে. জেনারেল হারুন-উর-রশিদকে সেনাপ্রধান নিয়োগ দেয়। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলে ওই দলের তীব্র সমালোচনার মুখে পড়েন সেনাবাহিনী ও সেনাপ্রধান।এরপর জ্যেষ্ঠ ছয়জনকে ডিঙিয়ে বিএনপির আস্থাভাজন হিসেবে জেনারেল মইন উ আহমেদকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন খালেদা জিয়া। কিন্তু জেনারেল মইনের আমলে (২০০৭-০৮) একেবারেই ভালো কাটেনি বিএনপির। মইন ২০০৫ সালের ১৫ জুন থেকে মোট চার বছর দায়িত্ব পালন করেন। এর মাঝে ২০০৮ সালের জুনে তিন বছরের মেয়াদ শেষ হওয়ার পর জরুরি অবস্থা ও সেনাবাহিনীর অবস্থানের কথা বিবেচনা করে তাঁর মেয়াদ এক বছর বাড়ানো হয়। ২৯ ডিসেম্বরের নির্বাচনের পর পুরস্কার হিসেবে জেনারেল মইনের মেয়াদ আরও এক বছর বাড়ানো নিয়ে নানামুখী জল্পনা-কল্পনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত আর বাড়ানো হয়নি। বর্তমান সেনাপ্রধান জেনারেল মুবীনকেও নিয়োগ দেওয়া হয়েছিল জ্যেষ্ঠ কর্মকর্তাকে ডিঙিয়ে।