নতুন সেনাপ্রধান ইকবাল করিমের দায়িত্ব গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাজানো খোলা জিপের ওপরে দাঁড়িয়ে আছেন বিদায়ী সেনাপ্রধান। রঙিন রশি বেঁধে জিপটি টেনে নিয়ে যাচ্ছেন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা। পাশে এগিয়ে যাচ্ছে সুসজ্জিত বাদক দল। বাদক দলটি বিদায়ী সেনাপ্রধানকে তাঁর বাসভবন পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। সেনাপ্রধানকে বিদায় জানানোর এটাই রীতি। গতকাল সোমবার দুপুরে এভাবেই সেনাপ্রধানের দায়িত্ব থেকে বিদায় নিলেন জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন। আর নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করিম ভূইয়া।গাড়িতে করে সেনা সদর দপ্তর ত্যাগ করার আগে বিদায়ী এবং নতুন সেনাপ্রধান কমান্ড হস্তান্তর ও গ্রহণ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বিদায়ী সেনাপ্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের সঞ্চৃতির প্রতি শ্রদ্ধা জানান। পরে ঢাকা সেনানিবাসের অফিসার্স ক্লাবে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করিম ভূইয়া বিদায়ী সেনাপ্রধানের কাছ থেকে সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করেছেন। ইকবাল করিম এর আগে সেনানিবাসের চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস), জাতিসংঘ বাহিনীর কমান্ডার ও সাভারে নবম পদাতিক বাহিনীর কমান্ডিং অফিসারের (জিওসি) মতো গুরুত্বপূর্ণ পদে ছিলেন।সূত্র জানায়, নতুন সেনাপ্রধান আজ মঙ্গলবার জেনারেল পদে উন্নীত হতে পারেন। সেনাবাহিনীর রেওয়াজ অনুযায়ী নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ এবং বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী তাঁকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেবেন। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন।