নতুন স্কুল ভবনও পাবে কলসিন্দুরের মেয়েরা
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের অদম্য কিশোরী ফুটবলার, তাদের শিক্ষক ও স্থানীয় লোকজনের চাওয়াকে সম্মান জানিয়ে শিগগিরই কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের জন্য নতুন ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
গতকাল সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় বিজ্ঞান জয়োৎসবের সমাপনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন।
২৬ ডিসেম্বর বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ কলসিন্দুরের ১৯ মেয়ে ফুটবলারের চাওয়াকে সম্মান জানিয়ে কলসিন্দুরসহ নয়টি গ্রামের আট শতাধিক পরিবারে বিদ্যুৎ-সংযোগ দেন। ওই অনুষ্ঠানে কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, স্থানীয় অধিবাসী এবং কিশোরী ফুটবলারদের পক্ষে একজন স্কুলের ভাঙাচোরা ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের দাবি জানান। গতকালের বিজ্ঞান জয়োৎসবে প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক এ বিষয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
এর পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি নিজেও ওই স্কুলটি সম্পর্কে অবগত। কারণ, প্রতিবছর ওই স্কুলটিই আন্তস্কুল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। ওই স্কুলে অবশ্যই একটি ভালো, সুন্দর ভবন নির্মিত হবে, এতে কোনো সন্দেহ নেই।’
মন্ত্রী বলেন, ‘এক সপ্তাহের মধ্যে আমি মন্ত্রণালয়ের একজন প্রকৌশলীকে সেখানে পাঠাব। তিনি পরিমাপ করে আসবেন।’
বিজ্ঞান জয়োৎসবে ফুটবলার মেয়েদের নিয়ে প্রথম আলোর নির্মিত অদম্য মেয়েরা প্রামাণ্যচিত্রটিও দেখানো হয়।