নতুন স্কেলে বেতন হাতে পাচ্ছেন এমপিওভুক্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত (বেতন বাবদ সরকারি অনুদান পাওয়া) শিক্ষক-কর্মচারীরাও নতুন জাতীয় স্কেলে বেতন হাতে পেতে যাচ্ছেন। প্রথম দফায় গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বকেয়া টাকা আগামী বেতনের সঙ্গে হাতে পাবেন শিক্ষক-কর্মচারীরা। এ বিষয়ে গতকাল সোমবার প্রায় ২ হাজার ৫৩ কোটি ৫০ লাখ টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এখন ছয় মাসের বকেয়া একসঙ্গে পাবেন শিক্ষক-কর্মচারীরা। বাকি বকেয়াও শিগগির হাতে পাবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব বলেন, মার্চ মাসের বেতনও শিক্ষক-কর্মচারীরা নতুন স্কেলে পাবেন।
বর্তমানে সারা দেশে এমপিওভুক্ত প্রায় ৪ লাখ ৮০ হাজার শিক্ষক-কর্মচারী রয়েছেন। সরকার আগেই প্রজ্ঞাপন জারি করে ঘোষণা করেছিল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও গত বছরের জুলাই থেকে নতুন স্কেলে বেতন পাবেন। কিন্তু সরকারি চাকরিজীবীরা জানুয়ারি থেকে নতুন স্কেলে বেতন হাতে পেলেও এমপিওভুক্তরা তা পাচ্ছিলেন না। এ নিয়ে শিক্ষক-কর্মচারীরা দুশ্চিন্তায় পড়েন। পাশাপাশি আন্দোলন শুরু করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কিছুদিন ধরেই এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ে গিয়ে ধরনা দিচ্ছিলেন। এ বিষয়ে আশা দিলেও কবে এই টাকা ছাড় করা হবে তা বলতে পারেননি অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ফলে শিক্ষক-কর্মচারীদের দুশ্চিন্তা আরও বাড়ে।