নতুন স্থাপত্যকলায় সিলেটের প্রথম শহীদ মিনার
মদনমোহন কলেজে নবনির্মিত শহীদ মিনার ‘দৃষ্টিপাত’ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করেন। শহীদ মিনার উদ্বোধন শেষে মেয়র এবং কলেজের শিক্ষকেরা ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৬৭ সালে মদনমোহন কলেজে সিলেটের প্রথম শহীদ মিনার স্থাপিত হয়। মুক্তিযুদ্ধের সময় শহীদ মিনারটি ভেঙে ফেলে স্বাধীনতাবিরোধীরা। ১৯৭২ সালে কলেজ ছাত্র সংসদ ভাঙা শহীদ মিনারটি পুনর্নির্মাণ করে। মদনমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ জানান, নতুন স্থাপত্যকলায় নির্মিত শহীদ মিনারটির নাম দেওয়া হয়েছে ‘দৃষ্টিপাত’। সিলেট সিটি করপোরেশনের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নে প্রায় ১৯ লাখ টাকা ব্যয়ে শহীদ মিনারের নির্মাণকাজ সম্পন্ন হয়।শহীদ মিনারের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, সিলেটে প্রতিষ্ঠিত প্রথম শহীদ মিনারটি নতুন স্থাপত্যকলায় পুনর্নির্মাণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতাবিরোধীরা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। অনুষ্ঠানে মেয়র ও মদনমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাড়াও বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর মুক্তিযোদ্ধা আবদুল খালিক, কলেজের পরিচালনা পর্ষদের সদস্য বিজিত চৌধুরী, শিক্ষক জয়ন্ত দাশ, সর্বানী অর্জুন, মুক্তিযোদ্ধা রফিকুল হক ও শহীদ মিনারের স্থপতি রাজন দাশ।