নতুন সড়ক হলেই শুরু হয় দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর ১১ নম্বরের কালশ​ী নতুন সড়কটি চালুর পর থেকেই চলছে দখলের উৎ​সব। গড়ে উঠেছে গাড়ি মেরামত ও আসবাবের দোকান l ছবি: প্রথম আলো
মিরপুর ১১ নম্বরের কালশ​ী নতুন সড়কটি চালুর পর থেকেই চলছে দখলের উৎ​সব। গড়ে উঠেছে গাড়ি মেরামত ও আসবাবের দোকান l ছবি: প্রথম আলো

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আগের তুলনায় প্রশস্ত করে তৈরি করা তিনটি গুরুত্বপূর্ণ সড়ক এবং এর ফুটপাত চলে গেছে অবৈধ দখলদারদের হাতে। গত তিন বছরে এই প্রধান সড়ক তিনটি সংস্কার করা হয়।
সড়ক তিনটি হলো আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতাল থেকে মিরপুর ২ নম্বর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়-সংলগ্ন পোস্ট অফিসের পাশ পর্যন্ত ৬০ ফুট সড়ক। মিরপুর ১১ নম্বর ট্রাফিক পুলিশ বক্স থেকে কালশী মোড় পর্যন্ত কালশী সড়ক। মিরপুর সিরামিক থেকে পল্লবী ডি ব্লকের এক নম্বর সড়কের সামনে অবস্থিত মিরপুর আর্মি ক্যাম্প ক্যানটিন পর্যন্ত সিরামিক রোড।
নগর পরিকল্পনাবিদদের মতে, রাজধানীর বিভিন্ন অংশের মধ্যে সংযোগ স্থাপনে নির্মিত এ সড়কগুলোর সঠিক ব্যবহার আশপাশের এলাকার যানজট কমাতে সহায়ক হবে। এসব সড়ক দখলমুক্ত রাখতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের সংশ্লিষ্ট করার পরামর্শ নগরবিদদের। মিরপুর থেকে মণিপুর, পীরেরবাগ হয়ে আগারগাঁও পর্যন্ত হওয়া নতুন সড়কটি চালু করা হয় দুই বছর আগে। সড়কটির দৈর্ঘ্য ৩ দশমিক ৬৩ কিলোমিটার। দুই লেনের ৬০ ফুট প্রস্থের সড়কটির দুপাশেই পাঁচ ফুট করে ফুটপাত আছে। ১৯৯৫ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তৈরি করা বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) অনুযায়ী এ রাস্তাটি নির্মাণ করা হয়। রোকেয়া সরণি ও মিরপুর রোডের বিকল্প সড়ক হিসেবে এ সড়ক ব্যবহৃত হচ্ছে।
চালুর পর থেকেই সড়কটিতে যেন চলছে দখলের উৎসব। দোকানদার, বাড়ির মালিকেরা যে যেভাবে খুশি নিজের স্বার্থে সড়কের জায়গা ব্যবহার করছেন। কোথাও সড়কের পাশের জমির মালিক বাঁশ দিয়ে ঘেরাও করে সড়কের অংশ নিজের সীমানার ভেতরে নিয়ে নিয়েছেন। সড়কের কয়েক জায়গায় রাখা হয়েছে সিটি করপোরেশনের ময়লার কনটেইনার। জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে দোকানপাট। গাড়ি, মোটরসাইকেল ও রিকশা গ্যারেজ। এসবের মেরামতকাজ চলছে সড়কের ওপরেই। বড় বাগ মোড়ে সড়কের ওপর সারি দিয়ে রাখা হয়েছে মহাখালী, ফার্মগেট পথে চলাচলকারী লেগুনা।
এই সড়কে নিয়মিত যাতায়াতকারী মো. রাশেদ বলেন, ‘সিটি করপোরেশন রাস্তা বানায় দিয়েই দায়িত্ব শেষ করছে। তারপর রাস্তা কে দখল করল, কে দোকান তুলল সেগুলা দেখার কেউ নাই। ভোগান্তি তো সব সাধারণ পাবলিকের।’
২০১৪ সালের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে মিরপুরের কালশী সড়কটি নতুন করে সংস্কার করা হয়। সড়ক প্রশস্ত করার পাশাপাশি দুই পাশেই ফুটপাত নির্মাণ করা হয়। কিন্তু বছর না ঘুরতেই সেই ফুটপাত বেদখল হয়ে যায়।
দেখা যায়, ফুটপাতের ওপরে সিএনজিচালিত অটোরিকশার রং করা হচ্ছে। আরেক পাশে চলছে লেপ-তোশক বানানোর কাজ। একটু সামনে করাত কলের কাঠের গুঁড়ি রাখা। আছে লোহালক্কড়, আসবাবের দোকানের বিভিন্ন সামগ্রী। শুধু নেই পথচারীদের হাঁটার জায়গা।
কালশী নতুন সড়কের প্রবেশমুখে মিরপুর ১১ নম্বর ট্রাফিক পুলিশ বক্সের পাশে গড়ে উঠেছে চা-শিঙাড়ার দোকান ও ফলের দোকান। তারপরেই আছে স্যানিটারি সামগ্রী, লোহা ঝালাইয়ের দোকান, লেপ-তোশকের দোকান। অপর পাশের ফুটপাতে সারি সারি লোহালক্কড় সামগ্রী বিক্রির দোকান। লোহার গ্রিল, দরজা সবই রাখা হয়েছে ফুটপাতের ওপর।
মিরপুর সিরামিক থেকে পল্লবী ডি ব্লকের এক নম্বর সড়কের সামনে অবস্থিত মিরপুর আর্মি ক্যাম্প ক্যানটিন পর্যন্ত সিরামিক রোডটি গত বছর নতুন করে সংস্কার করা হয়। মিরপুর সেনানিবাস বাইপাস রোড নির্মাণ, সিরামিক রোড উন্নয়ন ও দক্ষিণ পল্লবী এলাকার নর্দমা ও সড়ক উন্নয়ন শীর্ষক প্রকল্পে ব্যয় হয় প্রায় ৪২ কোটি টাকা।
কালশী সড়ক এবং সিরামিক সড়ক হওয়ায় বিমানবন্দর সড়কের সঙ্গে মিরপুরের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে। এখন আর মিরপুরবাসীকে উত্তরা বা বিমানবন্দরে যেতে বিজয় সরণি ঘুরতে হয় না। কিন্তু সড়ক দুটি চালুর পরেই দুই পাশ দিয়ে অবৈধভাবে গড়ে উঠেছে দোকানপাট, সারি দিয়ে রাখা হচ্ছে যানবাহন।
দখল উচ্ছেদের বিষয়ে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফুটপাত দখলমুক্ত রাখতে ডিএনসিসি নিয়মিত উচ্ছেদ অভিযান চালাচ্ছে। এটি চলমান প্রক্রিয়া। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে জনগণের মানসিকতার পরিবর্তন হতে হবে।