নতুন হলের নির্মাণকাজ শেষ হয়নি গাদাগাদি করে থাকবেন ছাত্রীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মোট শিক্ষার্থীর প্রায় ৪২ শতাংশ ছাত্রী হলেও তাঁদের জন্য আবাসিক হল আছে মাত্র দুটি। কিন্তু ছাত্রদের হল রয়েছে নয়টি। নতুন একটি ছাত্রী হল ২০০৮ সালের ডিসেম্বরে উদ্বোধনের কথা থাকলেও এখনো এর নির্মাণকাজ শেষ হয়নি। ফলে ছাত্রীদের আবাসন সমস্যা এ বছর প্রকট আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলে সিট ফাঁকা আছে ৩৪টি ও সুলতানা রাজিয়া হলে আছে মাত্র ১৫টি। এই ৪৯টি সিটের বিপরীতে এবার বিশ্ববিদ্যালয়ে ৩৫৪ জন ছাত্রী ভর্তি করা হয়েছে। ৪ জানুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার কথা। জানা গেছে, ২০০৮ সালের ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কামাল-রঞ্জিত মার্কেটের বিপরীতে ৬৪৮ সিটবিশিষ্ট নতুন একটি ছাত্রী হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ওই সময় বলা হয়, পাঁচ তলার তৃতীয় তলা পর্যন্ত কাজ ওই বছরেরই ৮ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। কিন্তু এখনো সেই কাজ শেষ হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ছাত্রী অভিযোগ করেন, ২০০৫ সাল থেকে ছাত্রীদের আবাসন সমস্যা প্রকট হওয়া শুরু করে। এটি কারিগরি বিশ্ববিদ্যালয় বলে ক্যাম্পাসের বাইরে থেকে পড়াশোনা করা মুশকিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো জরুরি পদক্ষেপ না নেওয়ায় ছাত্রীদের আবাসন সমস্যা এখন চরম আকার ধারণ করেছে। দীপা, নিশা, যুথিসহ আরও কয়েকজন ছাত্রী বলেন, ‘গত বছর থেকে গাদাগাদি করে আছি। এখনো একক সিট পাইনি। লেখাপড়া করতে খুবই অসুবিধা হচ্ছে।’সুলতানা রাজিয়া হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ এ কে এম রফিকুল ইসলাম জানান, ছাত্রীরা চরম বিপদের মধ্যে আছে। এই হলে ৫৯৭টি সিটের মধ্যে ফাঁকা আছে ১৫টি। কিন্তু এ বছর এই হলে ছাত্রী ভর্তি করা হয়েছে ১৭৪ জন। তিনি বলেন, ‘আপাত সমাধান হিসেবে কমন রুম, ব্যাংক ভবন, পরিত্যক্ত হেলথ সেন্টারে মেয়েদের গাদাগাদি করে রাখার চেষ্টা করা হচ্ছে, যা নিঃসন্দেহে অমানবিক।’ তাপসী রাবেয়া হলের হাউস টিউটর মো. রফিকুল ইসলাম জানান, এ হলে ৫১২টি সিটের মধ্যে ফাঁকা আছে ৩৪টি। কিন্তু হলে ছাত্রী ভর্তি করা হয়েছে ১৮০ জন। ৩৪টি সিটে দুজন করে ৬৮ জনকে এবং গণরুমে ২৪টি সিটে আরও ৪৮ জনকে রাখার চিন্তাভাবনা করা হচ্ছে। তিনি বলেন, ‘ময়মনসিংহ শহরের ছাত্রীদের আপাতত সিট দেওয়া হবে না। বাকি ছাত্রীদের সিটের কী ব্যবস্থা হবে তা নিয়ে এক ভয়ংকর অবস্থায় আছি।’বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সারোয়ার মুর্শেদ আকন্দ ওরফে জাস্টিস বলেন, ‘এটা নিঃসন্দেহে প্রশাসনের ব্যর্থতা। ছাত্রছাত্রীদের সুবিধা-অসুবিধার ব্যাপারে তারা কখনোই মনোনিবেশ করে না।’ ছাত্রীদের আবাসন সমস্যার কথা মানতে নারাজ বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক ও তাপসী রাবেয়া হলের প্রভোস্ট মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘আমাদের এখানে কোনো সিট সমস্যা নেই।’ ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মাল্টিপ্লেক্স এন্টারপ্রাইজের মালিক মো. সেলিম বলেন, ‘উপাচার্যের অনুমোদনক্রমে ভবন নির্মাণকাজ শেষ করার সময় ২০১০ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।’ ২০০৮ সালের ডিসেম্বরে উদ্বোধনের কথা থাকলেও এত দেরি হলো কেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছয় মাসে কি একটা পাঁচতলা ভবন করা সম্ভব?’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এ সাত্তার মণ্ডল প্রথম আলোকে বলেন, ছাত্রীদের আবাসন সমস্যাটা সাময়িক। নতুন ছাত্রী হলটি উদ্বোধন করা হলে অচিরেই এ সমস্যার সমাধান হবে। সিট সমস্যা সমাধানের জন্য ছাত্রীদের আন্দোলনের মুখে ২০০৭-০৮ শিক্ষাবর্ষে নির্ধারিত সময়ের এক মাস পর ক্লাস শুরু করতে হয়েছিল।