নতুন হাকিম আদালত ভবন পরিদর্শনে মন্ত্রণালয়ের দল
নারায়ণগঞ্জের কালিরবাজারে হাকিম আদালত ভবন ও সস্তাপুরে নারায়ণগঞ্জ বিচারিক আদালত গতকাল সোমবার পরিদর্শন করেছে আইন মন্ত্রণালয়ের একটি দল। এ সময় স্থানীয় আইনজীবীরা আদালত ভবন দুটি একই স্থানে বসানোর দাবি জানান।
পরিদর্শক দলের নেতৃত্বে ছিলেন আইন মন্ত্রণালয়ের জুডিশিয়াল কমপ্লেক্স ভবন নির্মাণেরপ্রধান সমন্বয়ক বিকাশ কুমার সাহা। এ ছাড়া মন্ত্রণালয়ের উপসচিব মাহাবুব হোসেন ও সৈয়দ কালাম এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন। তাঁরা একই সঙ্গে আদালত ভবনের আশপাশের খালি জায়গা চিহ্নিত করেন। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসসহ অন্য আইনজীবীরা। পরিদর্শনের আগে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা আইনজীবী সমিতির ভবনে পরিদর্শক দলের প্রতিনিধিরা আইনজীবীদের সমস্যার কথা শোনেন। এ সময় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নানা সমস্যা তুলে ধরেন। এ সময় পরিদর্শক দলের পক্ষে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান বলেন, দুটি আদালত আলাদা হলে আইনজীবী, বিচারপ্রার্থী ও বিচারকেরা কী কী সমস্যায় পড়বেন, তা তুলে ধরা হয়েছে।
জেলা আইনজীবী সমিতি সূত্র জানায়, নারায়ণগঞ্জে দুটি আদালত একই স্থানে রাখার দাবিতে প্রায় দুই বছর ধরে আইন মন্ত্রণালয়ে ছোটাছুটি করছেন এখানকার আইনজীবী নেতারা। জেলা সমিতির বিগত দুটি অভিষেক অনুষ্ঠানে মন্ত্রী ও স্থানীয় সাংসদের উপস্থিতিতে এই দাবি তোলা হয়। সে সময় মন্ত্রী আশ্বাস দেন। কিন্তু এরপরেও কালিরবাজার এলাকায় হাকিম আদালত ভবন তৈরির কাজ প্রায় ৯০ শতাংশ শেষ হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জের সাধারণ আইনজীবীরা বেকায়দায় রয়েছেন। বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগপন্থী আইনজীবী নেতারাও। তাঁরা এর আগের নির্বাচনে দুটি আদালত একসঙ্গে রাখার প্রতিশ্রুতি দিয়ে জয়ী হয়েছিলেন। এই প্রতিশ্রুতি পালন নিয়ে তাঁদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।
পরিদর্শক দলের প্রধান আইন মন্ত্রণালয়ের জুডিশিয়াল কমপ্লেক্স ভবন নির্মাণ সমন্বয়ক বিকাস কুমার সাহা বলেন, ‘আমরা সমস্যাগুলো শুনলাম। আমরা দুটি আদালতের অবস্থান পরিদর্শন করে প্রতিবেদন আইন মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে জমা দেব। এ সমস্যা সমাধানের সিদ্ধান্ত দেবেন মন্ত্রী মহোদয়।’