নতুন ১৬০৪টি নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তৃপক্ষের তদারকি না থাকায় এবং স্থানীয় লোকজনের অসচেতনতার কারণে কুড়িগ্রামে আর্সেনিকোসিসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সরকারি হিসাবে এ জেলায় আর্সেনিকোসিসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৫৪ জন। এর মধ্যে শুধু রাজারহাট উপজেলায় আছে শতাধিক রোগী; বেসরকারি হিসাবে তা দুই শতাধিক।এদিকে কুড়িগ্রাম জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু তাহের মীর জানান, জেলায় নতুন করে এক হাজার ৬০৪টি নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে। রোগ সম্পর্কে ধারণা না থাকায় লোকজন লালচিহ্নিত নলকূপ থেকেও পানি পান করছে।জানা গেছে, এক দশক আগে অসহনীয় মাত্রায় আর্সেনিক থাকায় রাজারহাটে পাঁচ হাজার নলকূপ লাল রং দিয়ে চিহ্নিত করে দেয় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। তখন এ বিভাগের পক্ষ থেকে স্থানীয় লোকজনকে এসব নলকূপের পানি পান না করতে অনুরোধ করা হয়। কিন্তু বিকল্প উৎস না থাকায় ওই সব নলকূপ থেকেই স্থানীয় লোকজন পানি পান করছে। আর এ কারণে তারা আর্সেনিকোসিসে আক্রান্ত হচ্ছে। এখনই যথাযথ ব্যবস্থা না নিলে এ রোগ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা আখের আলী জানান, জেলায় সন্দেহভাজন ২৫৪ জন আর্সেনিকোসিসের রোগী আছে। এর মধ্যে রাজারহাটে শতাধিক মানুষ এ রোগে আক্রান্ত। কুড়িগ্রাম সদর, রৌমারী, উলিপুর, রাজারহাট, চিলমারী ও রাজীবপুর উপজেলার বিভিন্ন এলাকার নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে।তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ারুল হক বলেন, ‘এ উপজেলায় এখন আর্সেনিকোসিসে আক্রান্ত দুই শতাধিক রোগী আছে। আগের খবর বলতে পারব না। প্রতিবছর আর্সেনিকোসিসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।’খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯৭ সালে রাজারহাট উপজেলার তালুকসুবল গ্রামে প্রথম আর্সেনিক ধরা পড়ে। ওই গ্রামের কৃষক আবদুস সালামের পরিবারের সবাই আর্সেনিকের বিষক্রিয়ায় আক্রান্ত হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ একটি প্রকল্পের আওতায় ২০০২ সালে উপজেলার বিভিন্ন এলাকার নলকূপের পানি পরীক্ষা করে। এতে পাঁচ হাজারের বেশি নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া যায়। পরে ওই নলকূপগুলো লাল রং দিয়ে চিহ্নিত করা হয়। এরপর এক দশক পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পানীয় জলের বিকল্প উৎসের ব্যবস্থা করেনি। এমনকি লাল রং করা নলকূপগুলো কী অবস্থায় আছে তার খোঁজও নেয়নি।জানা গেছে, গত অক্টোবর থেকে বেসরকারি সংস্থা সলিডারিটি তাদের সৌহার্দ্য-২ কর্মসূচির মাধ্যমে সদর উপজেলার আটটি ইউনিয়নের তিন হাজার ৫১১টি নলকূপের পানি পরীক্ষা করে। এ পর্যন্ত ৭১টি নলকূপে অতিরিক্ত মাত্রায় আর্সেনিক পাওয়া গেছে। এ কর্মসূচি ডিসেম্বর পর্যন্ত চলবে।সরেজমিনে রাজারহাটের তালুকসুবল, নওদাবস, ফুলকা, জোতসরেয়া, সর্দারপাড়া, ছোটমহিষমুড়ি, তেঁতুলতলা, ধনঞ্জয় ও শহীদপাতী গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিকল্পব্যবস্থা না থাকায় তাঁরা লাল রং করা নলকূপের পানি পান করতে বাধ্য হচ্ছে। দীর্ঘদিন ধরে পানি পান করায় এসব এলাকার কমপক্ষে অর্ধশত নারী, পুরুষ ও শিশু আর্সেনিকোসিসে আক্রান্ত হয়ে পড়ে। নওদাবস গ্রামের কৃষক আবদুল গফুর জানান, তাঁর মেয়ে ও নাতনির পায়ে ঘা হয়েছে। শুধু চুলকায়। কবিরাজ দেখানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। নওদাবস উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী আরফিনা, নবম শ্রেণীর ছাত্রী জান্নাতি ও ছাত্র আল আমিন বলে, কয়েক বছর আগে তাদের হাত ও পায়ে ঘা হয়। হাসপাতালে যাওয়ার পর চিকিৎসক তাদের নলকূপের পানি পান না করার পরামর্শ দিয়েছেন।