বর্তমান সরকারের গত এক বছরে দেশে নতুন করে ৩৫৬ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদিত হয়েছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় গ্রিডে আরও ৬৬৭ মেগাওয়াট বিদ্যুত্ যুক্ত হবে। ২০১০ সালের মধ্যে চাহিদার কাছাকাছি পর্যায়ে চলে আসবে দেশের বিদ্যুত্ উত্পাদনের ক্ষমতা।গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সমপর্কিত সংসদীয় কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব কথা জানানো হয়। কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য চিফ হুইপ আবদুস শহীদ, আবদুল মতিন খসরু, আবদুল কাদের খান, শেখ ফজলে নূর তাপস ও আবদুল্লা আল ইসলাম যোগ দেন।সভায় ভারত থেকে বিদ্যুত্ আমদানি এবং ব্যক্তিগত পর্যায়ে বিদ্যুত্ উত্পাদনের সুযোগ সৃষ্টি করার সরকারি সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করা হয়। সংসদীয় কমিটি এ ব্যাপারে গত কয়েক মাস আগ থেকেই এ ধরনের বিদ্যুত্ আমদানির জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ পাঠিয়েছিল।সভায় জানানো হয়, দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা পাঁচ হাজার ৫০০ মেগাওয়াট। আর উত্পাদন হচ্ছে গড়ে চার হাজার ২০০ মেগাওয়াট। গত বছরের ১৮ সেপ্টেম্বর দেশে সর্বোচ্চ চার হাজার ২৯৬ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন হয়েছিল।সভায় বিদ্যুত্ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত এক বছরের কার্যক্রম ও ভবিষ্যত্ পরিকল্পনা পর্যালোচনা করা হয়। বিদ্যুত্ উত্পাদনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে বর্তমান নীতিমালা অনুযায়ী বেসরকারি খাতকে আরও উত্সাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় বিভিন্ন ধরনের নবায়নযোগ্য জ্বালানি জনসাধারণের কাছে পরিচিত করে তোলা এবং বিকল্প জ্বালানি হিসেবে এর সহজলভ্যতা ও সহজ ব্যবহারের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা চালানোর সুপারিশ হয়।কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, সংসদীয় কমিটির সুপারিশ অনুসারে বিদ্যুত্ আমদানি এবং বেসরকারি খাতে বিদ্যুত্ উত্পাদনের সুযোগ তৈরি করায় কমিটি সরকারকে অভিনন্দন জানায়। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে দেশে বিদ্যুতের সংকট সহনীয় পর্যায়ে চলে আসবে।