নতুন ৭০০ ক্যাচপিটকেও অকেজো করে রাখা হচ্ছে

চলতি বছর ঢাকা ওয়াসা রাজধানীর বিভিন্ন সড়কে ৭০০ নতুন ক্যাচপিট (সড়কের পাশে বৃষ্টির পানি প্রবেশের পথ) বসিয়েছে। মেরামত করা হয়েছে পুরোনো আরও ৩০০টির মতো। কিন্তু বৃষ্টির পানি গভীর নর্দমায় প্রবেশের জায়গা হিসেবে পরিচিত এসব ক্যাচপিটের প্রায় অর্ধেক এখন যথাযথ কাজ করছে না।
নতুন ও মেরামত করা ক্যাচপিটগুলোর পেছনে প্রায় ৩ কোটি টাকা খরচ করা হয়েছে। নতুন একটি ক্যাচপিট তৈরিতে গড়ে ২৮ হাজার টাকা খরচ হয়েছে। নগরীর বিভিন্ন সড়কের কিনারে এগুলো বসানো হয়েছে। কিন্তু সঠিক সংরক্ষণের অভাবে এবং বিভিন্ন সংস্থা ও ব্যক্তিমালিকের নির্মাণকাজের কারণে অনেক ক্যাচপিট বন্ধ হয়ে গেছে। আবার এগুলোর ভেতর থেকে আসা দুর্গন্ধ দূর করতে আশপাশের দোকানি ও বাসিন্দারা পলিথিন ও ছালা দিয়ে ক্যাচপিটের মুখ বন্ধ করে দিয়েছেন। এসব কারণে ক্যাচপিটগুলো অকেজো হয়ে যাচ্ছে।
ঢাকা ওয়াসার ড্রেনেজ বিভাগ সূত্রে জানা যায়, ভারী বর্ষণের পর যেসব এলাকায় বেশি পানি জমে থাকে, সেসব এলাকার সড়কে এবার নতুন ক্যাচপিট বসানো হয়। এর মধ্যে রয়েছে ধানমন্ডি ২৭ নম্বর সড়ক, জিগাতলা কাঁচাবাজার, মতিঝিল, ফকিরাপুল টিঅ্যান্ডটি প্রাথমিক বিদ্যালয় এলাকা, নটর ডেম কলেজের সামনে, কাকরাইল, শান্তিবাগ, বেইলি রোড, সার্কিট হাউস রোড, মৌচাক, মালিবাগ, রামপুরা, বাড্ডা, কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে, পুরান ঢাকার অভয় দাস লেন, দয়াগঞ্জ, শহীদ ফারুক সড়ক ও বকশীবাজার এলাকা।
গত মঙ্গলবার সার্কিট হাউস রোড এলাকায় গিয়ে দেখা যায়, হাবীবুল্লাহ বাহার কলেজের পাশে একটি ক্যাচপিটের রড এমনভাবে দুমড়েমুচড়ে আছে যে পানি যাওয়ার পথই বন্ধ হয়ে গেছে। ২০ গজ দূরে অপর একটি ক্যাচপিট ছালা আর পলিথিনে ঢাকা। এই এলাকায় আরও অন্তত পাঁচটি ক্যাচপিট প্রায় বন্ধ দেখা গেছে। ফকিরাপুল টিঅ্যান্ডটি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে প্রায় পৌনে এক কিলোমিটার সড়কে অন্তত ৪০টি ক্যাচপিট বসানো। বেশির ভাগই হয় ইটের টুকরা, নয়তো পলিথিন দিয়ে বন্ধ। শান্তিনগরে ইস্টার্ন প্লাস শপিং মলের কাছের ক্যাচপিট চাপা পড়েছে নির্মাণসামগ্রীর তলায়। এ ছাড়া অভয় দাস লেন, কাকরাইল, মৌচাক, মালিবাগ প্রভৃতি এলাকা ঘুরে ক্যাচপিটগুলোকে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়।
তবে ধানমন্ডি ২৭ নম্বর সড়ক এলাকায় গিয়ে দেখা যায়, এখানে বসানো ক্যাচপিটগুলো পরিষ্কার রয়েছে। সেখানে রাপা প্লাজার পাশ থেকে সাত মসজিদ রোড পর্যন্ত এক কিলোমিটার গভীর নর্দমা লাইন করা হয়েছে। ওই নর্দমায় পানিপ্রবাহের জন্য ৫০টির মতো ক্যাচপিট বসানো হয়েছে। এগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় বলে এলাকাবাসী জানান।
ওয়াসার ড্রেনেজ বিভাগের কর্মকর্তাদের মতে, লোকবলের অভাবে সবগুলো ক্যাচপিট সার্বক্ষণিক পাহারা দেওয়া সম্ভব নয়। তারপরও যতটা সম্ভব রক্ষণাবেক্ষণ করা হয়। কিন্তু সিটি করপোরেশনের রাস্তা ও ফুটপাত সংস্কার, ব্যক্তিগত নির্মাণ—এসব কাজের সময় নির্মাণসামগ্রী ক্যাচপিটে পড়ে যায়। পরে সেগুলো আর পরিষ্কার করা হয় না। সবচেয়ে সমস্যা করছে বিভিন্ন এলাকার কিছু বাসিন্দা ও দোকানিরা। দুর্গন্ধ বের হয় বলে তাঁরা প্লাস্টিক পেপার ও ছালা দিয়ে ক্যাচপিট ঢেকে রাখেন। ফলে সেগুলো অকেজো হয়ে পড়ে। বৃষ্টি হলে পানি যখন নামতে পারে না, তখন এলাকাবাসীই বেশি সমস্যায় পড়ে।
ঢাকা ওয়াসার পরিচালক এ কে এম শহিদ উদ্দিন বলেন, এরপরও কিছু ক্যাচপিট ভালো কাজ করছে। নইলে বৃষ্টির পর জলাবদ্ধতা আরও বেশি হতো।