নতুন 'যোগসূত্রের' কথা জানালেন নিহত এক এসআইয়ের বোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন সড়ক দুর্ঘটনায় নিহত এসআই আকরাম হোসেনের বোন জান্নাত আরা পারভীন। গতকাল বুধবার দুপুরে নগরের লালদীঘি এলাকায় গোয়েন্দা পুলিশ কার্যালয়ে যান তিনি।
সেখানে মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামানকে জান্নাত আরা বলেন, মাহমুদা হত্যা ও এসআই আকরাম হত্যা একই সূত্রে গাঁথা। বাবুল আক্তার ও আকরাম হোসেনের স্ত্রী বনানী বিনতে বর্ণিকে জিজ্ঞাসাবাদ করলে মাহমুদা খানম হত্যার রহস্য জানা যাবে। তিনি একটি লিখিত অভিযোগও জমা দেন তদন্ত কর্মকর্তার কাছে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মহাসড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হন আকরাম হোসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১৫ সালের ১৩ জানুয়ারি মারা যান তিনি। এই দুর্ঘটনাকে হত্যা হিসেবে অভিযোগ করে আসছেন আকরামের বোন।
গতকাল তদন্ত কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ শেষে জান্নাত আরা পারভীন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আকরামের স্ত্রী বনানী বিনতে বর্ণির সঙ্গে বাবুল আক্তারের সম্পর্ক ছিল। এ জন্য প্রথমে তাঁর ভাইকে হত্যা করা হয়। পরে মাহমুদাকে হত্যা করা হয়।
জানতে চাইলে তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, অভিযোগ খতিয়ে দেখা হবে। প্রয়োজনে বর্ণিকে জিজ্ঞাসাবাদ করা হবে।
গত বছরের ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হয় বাবুলের স্ত্রী মাহমুদা খানমকে। এ হত্যারহস্যের জট এখনো খোলেনি।