নতুনটা পড়ে আছে কাজ, চলছে ঝুঁকিপূর্ণ খুঁটিতে
রাজশাহীর পবা উপজেলা চত্বরে পুরোনো ভাঙা খুঁটিতে ১০ মাস ধরে বিদ্যুতের তার ঝুলছে। ছয় মাস আগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ‘টেন টাউন’ প্রকল্পের আওতায় নতুন খুঁটি বসানো হলেও তাতে আর তার ঝোলানো হয়নি। ঝুঁকিপূর্ণ খুঁটিগুলো জোরে বাতাস এলেই ভেঙে পড়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা চত্বরের আবাসিক ও প্রশাসনিক এলাকায় বৈদ্যুতিক সংযোগের জন্য ১৬টি খুঁটি রয়েছে। এগুলো পিডিবির প্রথম পর্যায়ের স্টিলের খুঁটি। গত বছর মে মাসে এক ঝড়ে অধিকাংশ খুঁটি ভেঙে পড়ে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাঙা খুঁটিগুলোর দুই পাশে লোহার পাত দিয়ে ঝালাই করে কোনো রকমে খাড়া করে তার ঝোলানো হয়। বাঁকা খুঁটির কারণে তারগুলো ঝুলে আছে। একটু বাতাস হলেই তারে তারে ঘষা লেগে আগুন জ্বলে ওঠে। এই ঘষা লাগা ঠেকাতে সমান্তরালে যাওয়া তারগুলোর মাঝখানে বাঁশের কাঠি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে।গত ২৪ ফেব্রুয়ারি পবা উপজেলা চত্বরে গিয়ে দেখা যায়, একটি খুঁটি এখনো ভেঙে পড়ে আছে। অন্য খুঁটিগুলোর সঙ্গে কোনো রকমে জোড়াতালি দিয়ে লাইন চালু রাখা হয়েছে। দেখেই বোঝা যায়, ভীষণ ঝুঁকিপূর্ণ হয়ে আছে লাইনটি। একটু জোরে বাতাস হলেই খুঁটিগুলো আগের মতো আবার হুমড়ি খেয়ে পড়বে।ওই প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন বলেন, তার ও অন্যান্য সরঞ্জাম না থাকায় নতুন লাইন চালু করা সম্ভব হচ্ছে না। ঝড়ের মৌসুম শুরুর আগেই লাইনটি চালুর ব্যাপারে আশাবাদী তিনি।