নতুনদিগন্তের যুগপূর্তি অনুষ্ঠান
সাহিত্য-সংস্কৃতির ত্রৈমাসিক পত্রিকা নতুনদিগন্ত এক যুগ পেরিয়ে পদার্পণ করল ত্রয়োদশ বর্ষে। গতকাল শুক্রবার এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে।
‘এক যুগ পূর্তিতে নতুনদিগন্ত’ নামের এই অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা, পরে নাটক ও সংগীত। ছুটির দিনের বিকেলে শুরু হয়েছিল অনুষ্ঠান। সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। নতুনদিগন্ত প্রকাশিত হয়েছিল ২০০২ সালের জানুয়ারিতে। সভাপতি তাঁর আলোচনায় দীর্ঘকাল পত্রিকাটি প্রকাশনার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, নতুনদিগন্ত তার এক যুগের চলার পথে একটি সুর সৃষ্টি করেছে। সেই সুর হচ্ছে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদবিরোধী সুর। সেই সুরের মূর্ছনা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে গেছে, এটিই নতুনদিগন্ত-এর সাফল্য।
আলোচনাপর্বে আরও অংশ নেন ভাষাসংগ্রামী আহমদ রফিক, প্রবীণ সাংবাদিক কামাল লোহানী, রাজনীতিক হায়দার আকবর খান রনো, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, মহসীন শাস্ত্রপাণি, সাইদুল হক, মোজাম্মেল হোসেন, আবু সাঈদ খান, ম. এনামুল হক, মুহাম্মদ জাহাঙ্গীর, মোশাররফ হোসেন, মোশরেফা মিশু, ঝর্ণা রহমান, স্বপন আদনান প্রমুখ।