নতুনদের অন্তর্ভুক্ত না করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার ইসলামবাগের ঠিকানায় পুরোনো ব্যক্তিদের নাম থাকলেও হালনাগাদ ভোটার তালিকায় নতুনদের অন্তর্ভুক্ত করা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। নতুনদের ইসলামবাগ নয়, মোস্তফাপুরের ঠিকানায় ভোটার হতে বলা হচ্ছে। এতে করে অর্ধশতাধিক লোকের নতুন ভোটার হওয়া নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।এ বিষয়ে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ইসলামবাগবাসীর পক্ষ থেকে জেলা নির্বাচন কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন করা হয়েছে। এলাকাবাসী ও লিখিত আবেদন সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের একটি গ্রাম ইসলামবাগ। ১৯৮৩ সাল থেকে ইসলামবাগ গ্রাম হিসেবে সরকারি বিভিন্ন দপ্তরে পরিচিত ও স্বীকৃত। ২০০৫, ২০০৭ ও ২০১১ সালের ভোটার তালিকায় ইসলামবাগের বাসিন্দাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা ২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং পেয়েছেন জাতীয় পরিচয়পত্র। ইসলামবাগের ঠিকানায় প্রায় ৩০০ ভোটার আছেন। এলাকাবাসী জানান, গত ৭ থেকে ১৬ সেপ্টেম্বর এই এলাকায় ভোটার তালিকা হালনাগাদের কাজ করা হয়। ইসলামবাগের নতুন ও বাদ পড়া নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কথা। কিন্তু কতিপয় ষড়যন্ত্রকারীর সঙ্গে যোগসাজশে তথ্য সংগ্রহকারী এলাকায় এসেও ইসলামবাগের বাসিন্দাদের ইসলামবাগের ঠিকানায় ভোটার তালিকায় নাম নিবন্ধন বা তালিকাভুক্ত না করে ফিরে যান। এলাকাবাসীর পক্ষ থেকে গত ২০ সেপ্টেম্বর বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়। আগের নিয়মে ভোটার তালিকায় নাম নিবন্ধন করা হবে বলে জেলা নির্বাচন কর্মকর্তা মৌখিকভাবে আবেদনকারীদের আশ্বস্ত করেন। তবে এ পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকাবাসী ইসলামবাগের ঠিকানায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে গত ২ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি আবেদন করেন।এদিকে এলাকাবাসী অভিযোগ করেছেন, ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরুর কয়েক দিন আগে কে বা কারা এলাকার প্রতিটি বাসাবাড়ির নামফলক থেকে ইসলামবাগ নাম মুছে ফেলে।এলাকার বাসিন্দা কলেজশিক্ষক শাহ আবদুল ওদুদ প্রথম আলোকে বলেন, ‘আমি ইসলামবাগের বাসিন্দা হিসেবে (ভোটার ক্রমিক নম্বর ১৫৭) ভোটার হয়েছি। কিন্তু আমার মেয়েকে এখন এই ঠিকানায় ভোটার করা হচ্ছে না। তাকে মোস্তফাপুরের ঠিকানায় ভোটার হতে হবে।’ তিনি জানান, জেলা নির্বাচন কর্মকর্তা আশ্বাস দিলেও ইসলামবাগের ঠিকানায় ভোটার করা হবে কি হবে না, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেওয়া হচ্ছে না।এলাকার বাসিন্দা আরেক কলেজশিক্ষক সৈয়দ নজরুল ইসলাম জানান, জমির দলিল থেকে সবকিছুতে ইসলামবাগ নাম লেখা হয়েছে। সর্বশেষ ভূমি জরিপেও ইসলামবাগ রেকর্ড হয়েছে। এর পরও নাম নিয়ে জটিলতা সৃষ্টি করা হয়েছে।জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম এলাকাবাসীর অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘ভোটার না করার কথা নয়। বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার করার কথা বলা হয়েছে। লোকজন যদি কমিশনের নিযুক্ত ব্যক্তিদের কাছে না আসে, তাহলে কী করার আছে। আমি নির্বাচন কমিশনকেও এভাবে বিষয়টি জানিয়েছি। ভোটার তালিকা হলে এটি খসড়া আকারে প্রকাশ করা হবে, শুনানি হবে। তখন যদি ভুলত্রুটি থাকে, কেউ আপত্তি করলে সেটা সংশোধন করা যাবে।’