শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে, নতুন প্রজন্মকে একটি আধুনিক, ডিজিটাল বাংলাদেশ তৈরির উপযোগী করে গড়ে তোলা। সরকার নতুন প্রজন্মকে সময়োপযোগী বিশ্বমানের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে তুলতে চায়। এ ছাড়া তাদেরকে উন্নত নৈতিক মূল্যবোধসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছে। বিজ্ঞান শিক্ষা ছাড়া আমাদের সেই লক্ষ্য অর্জন সম্ভব নয়।’গত বৃহস্পতিবার সকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাডভান্সেস ইন ফিজিকস’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, সম্মেলনের আহ্বায়ক ইয়াসমিন হক, ভৌতবিজ্ঞান অনুষদের ডিন জাকির হোসেন, সম্মেলনের সদস্যসচিব শরীফ মো. শরাফউদ্দিন, কোষাধ্যক্ষ আবদুল হান্নান প্রমুখ। বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা কে চৌধুরীর সভাপতিত্বে পূর্ণাঙ্গ অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বীয় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আরশাদ মোমিন। দুপুরের পর একাডেমিক ভবন ‘এ’-তে অনুষ্ঠিত হয় আমন্ত্রিত অতিথিদের আলোচনা। এতে বক্তব্য দেন জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হারুহিকু সুজুকি ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক নাবিল ইকবাল। এ ছাড়া সম্মেলনের প্রথম দিন দুপুরের পর তিনটি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়।