নতুনদের মাঝে সান্ত্বনা খুঁজে ফিরছেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বজনহারাদের ক্ষত এখনো শুকায়নি। ক্ষতে প্রলেপ দিতে পারে এমন কিছুর সন্ধান না পেলেও জন্ম নেওয়া সন্তানের মাঝেই পুরোনোদের খুঁজে ফিরছেন কেউ কেউ।
এমনই একজন হাজি মো. গোলজার। নিজের বাড়িতেই সেদিনের আগুনে যমজ সন্তান শাবাব, সৌরভ এবং স্ত্রীসহ পরিবারের মোট ১১ জন সদস্যকে হারিয়েছিলেন তিনি। ঘটনার দেড় বছরের মাথায় সাবেক শ্বশুর-শাশুড়ির উদ্যোগে আবার বিয়ে করেন। এরপর তাঁর ঘর আলো করে এসেছে আরও দুই ছেলেসন্তান। এই দুজনের নামও রেখেছেন শাবাব ও সৌরভ।
২০১০ সালের ৩ জুন নিমতলীর অগ্নিকাণ্ডে ১২৪ জন মারা যায়। যে ভবনটিতে আগুনের সূত্রপাত, কেবল সেই ভবনেই বিয়ের অতিথিসহ পুড়ে মারা যায় ৪১ জন। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানের রান্নার আগুন ভবনটির নিচতলার রাসায়নিক গুদামে লেগে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
গতকাল বুধবার এই ট্র্যাজেডির পাঁচ বছর পূর্তিতে কথা হচ্ছিল এলাকার মানুষ ও দুর্ঘটনায় স্বজনহারাদের সঙ্গে। অ্যালবামে যমজ সন্তানের ছবি দেখাতে দেখাতে মো. গোলজার কান্নাজড়িত কণ্ঠে বলে উঠলেন, ‘আগের সবকিছু ফিরিয়ে আনা গেছে। বিল্ডিংয়ে আগের মতো রং। রুমগুলোও এখন আগের মতন। খালি মানুষগুলারে পাই না।’ বললেন, মৃত দুই ছেলের নামে নাম রেখে নতুন জন্ম নেওয়া দুই ছেলের মধ্যেই এখন তাদের খুঁজে বেড়ান।
৪৩ নম্বর বাড়িটার পাশেই ঘটনার দিন নিজের ফলের দোকানে কাজ করছিলেন মো. মামুন মিয়া। আগুন থেকে নিজেকে বাঁচাতে পারলেও দোকানের সামনে বসে থাকা নিজের সাত বছরের ছেলে বৈশাখকে বাঁচাতে পারেননি। গতকাল বুধবার দেখা গেল, ছোট্ট দোকানটির এক পাশে বৈশাখের হাস্যোজ্জ্বল ছবিসহ একটি ব্যানার টানানো। এই দিনেও দোকানে কেন কাজ করছেন জানতে চাইলে মামুন বলেন, ‘যে গেছে, হ্যায় তো আইবো না। কিন্তু নতুন যে আইছে, তারে তো খাওন দিতে হইবো।’ পরে জন্ম নেওয়া নিজের দেড় বছরের ছেলেটার কথা জানিয়ে তিনি বলেন, ‘এডিও হইছে এক্কারে ওইডার (বৈশাখ) মতন। হ্যাগোর মা তো কথা কইতে পারে না। বোবা। খালি দ্যাখে আর কান্দে।’
এত বড় দুর্ঘটনার পরেও আশপাশের এলাকা থেকে রাসায়নিক পদার্থের গুদাম ও কারখানাগুলোর স্থানান্তর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অগ্নিকাণ্ডে বাবা-মা এবং দুই বোন হারানো ফকরুল আরেফিন। তিনি অভিযোগ করে বলেন, ‘পাঁচটা বছর কেটে গেল, তাও কোনো পদক্ষেপ নাই। অলিতে-গলিতে প্লাস্টিকের কারখানা, রাসায়নিকের গোডাউন।’
এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল, কায়েতটুলী, আবদুল হাদী লেন, পাকিস্তান মাঠ, সিদ্দিক বাজার এবং বাংলাদুয়ার এলাকাগুলোতে প্রকাশ্যে ও গোপনে গুদাম ভাড়া নিয়ে রাসায়নিকের ব্যবসা চলছে। নিমতলী এলাকায় রাসায়নিকের গুদামের সংখ্যা কমে এলেও প্লাস্টিকের কারখানা এখনো অনেক। এদিকে দুর্ঘটনায় নিজ পরিবারের সাত সদস্যকে হারানো মো. রিপন এই প্রতিবেদককে উদ্দেশ করে বললেন, ‘একটু জোর দিয়ে লিখেন ভাই। এইটা এখনো ঝুঁকিপূর্ণ এলাকা। রাসায়নিকের দরকার নাই। যেই পরিমাণ প্লাস্টিক কারখানা আছে এলাকায়, আগুন লাগলে তাতেই যথেষ্ট। ওই দিন সব পাঁচ মিনিটে শেষ হইছিল, এইবার হয়তো ১০ মিনিট লাগবো এই যা।’