নতুনদের যোগ্যতা অর্থ পেশিশক্তি, আত্মীয়তা
আওয়ামী লীগের নতুন প্রার্থীদের মধ্যে অন্তত ১৫ জন মনোনয়ন পেয়েছেন অর্থ, পেশিশক্তি কিংবা আত্মীয়তার সূত্রে। এঁদের অনেকের দলীয় রাজনীতির সঙ্গে এর আগে প্রত্যক্ষ কোনো সম্পর্ক ছিল না। বিদেশ থেকে এসেই দলীয় প্রভাবশালী নেতাদের সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে মনোনয়ন পেয়েছেন এমনও রয়েছে। এঁদের অন্তত ১২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হতে চলেছেন।
সিরাজগঞ্জ-৪ আসনে নতুন প্রার্থী তানভীর ইমাম। তৃণমূল রাজনীতিতে সক্রিয় ভূমিকা না থাকায় এলাকায় যেতে পারছেন না। তাঁর বাবা প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা এইচ টি ইমাম। বাবার ক্ষমতার প্রভাবে গত পাঁচ বছরে নিয়োগ ও বদলি-বাণিজ্য করেছেন বলে অভিযোগ আছে।
স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও বর্তমান সভাপতি পঙ্কজ দেবনাথ ‘আক্রমণাত্মক’ নেতা হিসেবে পরিচিত। দলে আলোচনা আছে, পেশিশক্তির জোরেই এঁরা প্রার্থী। পদ্মা সেতু কেলেঙ্কারির নায়ক সৈয়দ আবুল হোসেনের মাদারীপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন নাছিম। পঙ্কজকে দেওয়া হয়েছে বরিশাল-৪। দুজনই এক-এগারোর সময় আত্মগোপনে ছিলেন। তখন অবৈধ সম্পদ অর্জনের দায়ে পঙ্কজ দেবনাথের ১৬ বছরের কারাদণ্ড হয়েছিল।
মুন্সীগঞ্জ-৩-এ সাবেক সচিব এম ইদ্রিস আলীকে বাদ দিয়ে এবার দলের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাসকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনিও দলে ‘আক্রমণাত্মক’ নেতা হিসেবে পরিচিত।
কক্সবাজার-৩ আসনের প্রার্থী সাইমুম সরওয়ারের বিরুদ্ধে হল-মার্ক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ ওঠে। দুর্নীতি দমন কমিশনের তদন্তকালে হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ সোনালী ব্যাংকের পরিচালক সাইমুমকে তিন কোটি টাকা ঘুষ দেওয়ার কথা স্বীকার করেন।
চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আবু রেজা নদভীর বিরুদ্ধে জামায়াতে ইসমালীর সঙ্গে সম্পৃক্তার অভিযোগ আছে। তিনি জামায়াতের সাবেক আমির গোলাম আযমের ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত।
ফেনী-২ আসনে ভোটের আগেই জিতে গেছেন পৌর মেয়র নিজাম হাজারী। সন্ত্রাস লালন ও টেন্ডারবাজির অভিযোগ আছে তাঁর বিরুদ্ধেও। ফেনীর সাবেক গডফাদার জয়নাল হাজারীর শিষ্য ছিলেন তিনি।
টাঙ্গাইল-৩ আসনের আমানুর রহমান খান একাধিক হত্যা মামলার আসামি। চাঁদাবাজি ও ভূমিদস্যুতার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। এবার তিনি একক প্রার্থী।
হেলিকপ্টারে যশোরে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়ে আলোচিত হন ব্যবসায়ী-প্রার্থী কাজী নাবিল আহমেদ। এর আগে তাঁর বাবা কাজী শাহেদ আহমেদ একাধিকবার মনোনয়ন চেয়ে পাননি।
সাভারের বিতর্কিত সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের স্থলে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ডা. এনামুর রহমান। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না কখনোই। সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মালিক হিসেবেই বেশি পরিচিত। নোয়াখালী-২ আসনে এবার প্রার্থী করা হয়েছে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে।
নাটোর-২ আসনে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের পরিবর্তে দেওয়া হয়েছে জেলা যুবলীগের নেতা শফিকুল ইসলামকে। জেলা হাসপাতাল ও জেলখানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের দরপত্র নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে শফিকুলের বিরুদ্ধে। পরিবহন মালিক হয়ে চাঁদাবাজিও নিয়ন্ত্রণ করেন। গত পাঁচ বছরে সম্পদ বাড়িয়েছেন প্রচুর।
নড়াইল-২ আসনে মনোনয়ন পেয়েছেন কানাডা প্রবাসী আসিফুর রহমান। দলীয় রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত না এবং এলাকায়ও আগে দেখা যায়নি। তিনি প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বন্ধু এবং মা ফরিদা রহমান সংরক্ষিত মহিলা আসনের সাংসদ।
সিরাজগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ডা. হাবিবে মিলাত। প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ননদজামাই তিনি।