সিলেটে এক দশক পর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। কমিটিতে মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের সঙ্গে তাঁর স্ত্রী ও ছেলেও রয়েছেন। বাদ পড়েছেন দলের দু-একজন জ্যেষ্ঠ নেতা। এর ফলে দলের ভেতর চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। কামরান পরিবারের তিন সদস্যের কমিটিতে থাকা নিয়ে চাপা এ ক্ষোভের সঙ্গে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজের ভাই শামসুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমানের আরও দুই ভাইও রয়েছেন জেলা ও নগর কমিটিতে। এ ছাড়া জ্যেষ্ঠতা লঙ্ঘন ও ত্যাগী অনেক নেতা কমিটিতে স্থান না পাওয়ায় অসন্তোষ রয়েছে। এ অসন্তোষে কমিটি ঘোষণার তিন দিন পরও সিলেটে নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে কোনো কর্মসূচি হয়নি। তিন দিনের মাথায় গত বুধবার রাতে ‘মহানগর দক্ষিণ’ নাম দিয়ে পাল্টা কমিটি ঘোষণা করেছে পদবঞ্চিত নেতাদের একটি পক্ষ। দক্ষিণ সুরমার আওয়ামী লীগের প্রবীণ নেতা মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খানকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি প্রচার চালিয়েছে। যোগাযোগ করলে তাঁরা দুজনই জানান, ঘোষিত কমিটিতে ত্যাগী নেতাদের স্থান না হওয়ায় কর্মীদের চাপের মুখে তাঁরা পাল্টা কমিটি করতে বাধ্য হয়েছেন।দলীয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালে সিলেটে সম্মেলন শেষে জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করে ১৫ দিনের মাথায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা বলা হয়েছিল। এর পর থেকে ঝুলে থাকে পূর্ণাঙ্গ কমিটি। এ অবস্থায় সভাপতি ও সাধারণ সম্পাদকের মেয়াদ ২০০৮ সালে শেষ হলে ‘নতুন নেতৃত্বের’ পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি ওঠে। প্রায় তিন বছর পর গত মঙ্গলবার কেন্দ্র থেকে জেলা ও মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়।নগর কমিটিতে সিলেট সিটি করপোরেশনের মেয়র কামরান ছাড়া বাকি সব পদেই রদবদল হয়েছে। নগর কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকারী মিসবাহউদ্দিন সিরাজ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ার পর কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় হওয়ায় এ পদে নতুন মুখ আসাদউদ্দিন স্থান পেয়েছেন। জেলা কমিটির সাবেক সভাপতি আ ন ম শফিক ও সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ শামীম দুজনই বাদ পড়েছেন। এই দুই পদে এসেছেন প্রবীণ নেতা আবদুল জহির চৌধুরী ও সাংসদ শফিকুর রহমান চৌধুরী। দুই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্যান্য পদ নিয়ে চলছে ক্ষোভ আর অসন্তোষ। কেন্দ্র থেকে ঘোষণা হওয়ায় কমিটিতে স্থানীয়ভাবে প্রভাবশালী নেতাদের আস্থাভাজন ব্যক্তিরা পদ পেয়েছেন আর বিরাগভাজনেরা পদবঞ্চিত হয়েছেন।নগর কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদ পাওয়া এ টি এম হাসান প্রথম আলোকে বলেন, ‘আমার পদ পাওয়া আর না-পাওয়া নিয়ে ক্ষোভ নেই। কিন্তু আমার আগে যাঁদের রাখা হয়েছে, তাঁদের জ্যেষ্ঠ মেনে রাজনীতি করাটা আমার জন্য কঠিন। রাজনৈতিক স্বার্থে এ বিষয়টি আমি চেপে গেলেও কর্মী-সমর্থকেরা কখনো মানবে না। এ জন্য এ নিয়ে পুনর্গঠন বা নতুন করে ভাবনার অবকাশ রয়েছে।’ জানা গেছে, কেন্দ্র থেকে ঘোষিত ৭১ সদস্যবিশিষ্ট মহানগর কমিটিতে সভাপতি পদে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান রয়েছেন। নগর কমিটির নির্বাহী সদস্য পদে রয়েছেন তাঁর স্ত্রী আসমা কামরান। ৭১ সদস্যবিশিষ্ট জেলা কমিটিতে স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক পদে রয়েছেন তাঁদের ছেলে আরমান আহমদ। এ ব্যাপারে মেয়র বদরউদ্দিন আহমদ কামরান প্রথম আলোকে বলেন, ‘আমার ওয়াইফ (আসমা কামরান) আগে থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। তিনি এর আগে মহানগর কমিটির সদস্য ছিলেন। বর্তমানে জেলা কমিটিতে তাঁকে রাখা হয়েছে।’ ছেলে আরমান আহমদ প্রসঙ্গে মেয়র বলেন, ‘আমি নেত্রীর (শেখ হাসিনা) কাছে আমার ছেলের নাম দিয়েছিলাম। বলেছিলাম, ছেলেকে কমিটিতে রাখা না-রাখা আপনার (নেত্রী) বিষয়।’ মেয়র কামরান আরও বলেন, ‘অনেক ত্যাগী নেতা সদ্যঘোষিত কমিটি থেকে বাদ পড়েছেন। সবাইকে উপযুক্ত মর্যাদা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি।’ জেলার নতুন কমিটি প্রসঙ্গে সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘প্রায় এক দশক পর পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। এতে স্থান পাওয়া না-পাওয়া নিয়ে ক্ষোভ-বিক্ষোভ থাকাটা স্বাভাবিক। আমরা শিগগিরই বসব এবং সবার কথা শুনব।’