নতুনেরে দিতে ঠাঁই পুরোনোদের প্রস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নতুন নেতৃত্ব কাজে আনে ইতিবাচক গতিশীলতা’—এমন উপলব্ধি কিশোরগঞ্জের বাজিতপুরবাসীর। বছরখানেক আগে থেকেই এমন কথা শোনা যাচ্ছিল—পুরোনোদের গ্রহণ করবেন না ভোটররা। নতুন প্রার্থী চাই, চাই নতুন প্রতিশ্রুতি। এমন প্রার্থীকেই ভোট দেবেন ভোটররা। সাধারণ ভোটারদের এমন মনোবাঞ্ছা এবার পূর্ণ হতে চলেছে।ভোটারদের মনের অবস্থা টের পেয়ে বাজিতপুর পৌরসভা নির্বাচনে প্রবীণ ব্যক্তিরা বা আগে নির্বাচন করেছেন এমন প্রার্থীরা এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। পৌরসভায় এবার মেয়র পদে এমন পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের চারজনেরই নির্বাচনের কোনো পূর্বঅভিজ্ঞতা নেই। তাঁদের মধ্যে তিনজন আবার বয়সে তরুণ। কাউন্সিলর পদেও প্রায় একই চিত্র লক্ষ করা গেছে। ৫৬ জন কাউন্সিলর পদপ্রার্থীর মধ্যে কয়েকজন ছাড়া অধিকাংশই নতুন মুখ।বাজিতপুর ডিগ্রি কলেজের ছাত্রী আফসানা আলী বলেন, ‘আমরা সব সময় ইতিবাচক পরিবর্তনে বিশ্বাসী। একজন ব্যক্তিই সব সময় নির্বাচন করবেন, পরাজিত হলেও একাধিকবার নির্বাচন করেই যাবেন—এমন সংস্কৃতি থেকে বের হয়ে আসতে না পারলে নেতৃত্বে গতি আসবে না। সাধারণ মানুষের মনের এই কথা অনেক আগেই ছড়িয়ে পড়েছিল। এর প্রাথমিক ফল পাওয়া গেছে।’তানভীর আহমেদ নামে পূর্ব বাজারের এক তরুণ বলেন, ‘এখন আমাদের দায়িত্ব হলো, নতুনদের মধ্য থেকে পরিচ্ছন্ন একজনকে বাছাই করা। এ ক্ষেত্রে আমরা ভোটাররা যদি ভুল করি, তাহলে নতুন আর পুরোনো প্রার্থীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না।বাজিতপুর ডিগ্রি কলেজের শিক্ষক বিমল সরকার প্রথম আলোকে বলেন, জয়ী প্রার্থী মনে করেন, আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তাঁর জন্য ফরজ। পরাজিত প্রার্থীদের বিশ্বাস, গত নির্বাচনে তাঁকে ভোট না দিয়ে ভোটাররা যে ভুল করেছেন, তা এবার নিশ্চয়ই তাঁরা বুঝতে পেরেছেন। এবার সব ভোট তাঁর বাক্সে যাবে। এ কারণেই বারবার নির্বাচনে দাঁড়ান তাঁরা। আশার কথা হলো, এই এলাকার প্রার্থীরা এমন ধারণা থেকে সরে আসতে পেরেছেন।তবে ভিন্ন মতও আছে। আগের সব প্রার্থীর একযোগে সরে যাওয়ায় বিষয়টি ভালো চোখে দেখছেন না বাজিতপুর বাজারের মুদিদোকানি সরাফত আলী (৫৫)। তাঁর মতে, সবার সরে যাওয়া মানে নির্বাচনের বিষয় নিয়ে নেতৃস্থানীয় লোকজনের মধ্যে ভীতি তৈরি হওয়া। তিনি মনে করেন, এই অবস্থা চলতে থাকলে স্থানীয় সরকার নির্বাচনব্যবস্থা দুর্বল হয়ে পড়বে।গত নির্বাচনে মেয়র পদে পরাজিত হওয়ার পর এবার প্রতিদ্বন্দ্বিতায় না আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আবদুল্লাহ বোরহান বলেন, ‘নির্বাচনের আগেই নতুনদের আগমনের খবর প্রচার হচ্ছিল। আমার মনে হয়েছে, এখানকার ভোটাররাও নতুনদের চাইছেন। ভোটারদের প্রতি সম্মান জানাতেই এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে এসেছি।’বাজিতপুর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মেয়র পদে প্রার্থী হিসেবে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন ঠিকাদার সারোয়ার আলম, ব্যবসায়ী আমিরুল হোসেন, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ব্যবসায়ী রফিকুল ইসলাম, নাসিম মিয়া ও এহেসান কুফিয়া। তাঁদের মধ্যে সারোয়ার আলম ও রফিকুল ইসলাম আওয়ামী লীগের নেতা; আমিরুল হোসেন ও এহেসান কুফিয়া বিএনপি এবং নাসিম মিয়া জাতীয় পার্টির নেতা। এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪ জন।