নথি আ.লীগ নেতার হাতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের নথিপত্র বর্তমানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ওরফে মানিকের হাতে রয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। তবে জিয়াউর রহমান তাঁর কাছে নথি থাকার কথা অস্বীকার করে আমিনুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেছেন।
এদিকে তথ্য না দেওয়ায় তথ্য অধিকার আইনে আপিল আবেদন করলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তথ্য না দেওয়ার কৈফিয়ত চেয়ে আমিনুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। চলতি বছরের ১৯ আগস্ট প্রথম আলোর বিরামপুর প্রতিনিধি এ এস এম আলমগীর তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেন।
আবেদনে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগসংক্রান্ত তথ্য ছাড়াও শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামান দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন কর্মসূচি ও বরাদ্দের পরিমাণ ও খরচ এবং শিক্ষক বদলিসংক্রান্ত তথ্য চাওয়া হয়। তথ্য না পেয়ে গত ১৪ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে তথ্য অধিকার আইনে আপিল আবেদন করা হয়। এরপর আমিনুল ইসলাম এই প্রতিনিধিকে জানান, তাঁর কাছে যেসব তথ্য চাওয়া হয়েছে সেসব নথিপত্র উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান নিয়ে গেছেন। যে কারণে তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না।
তবে জিয়াউর রহমান শিক্ষা কার্যালয় থেকে নথিপত্র নিয়ে আসার কথা অস্বীকার করেছেন। তিনি অভিযোগ করে বলেন, আগের শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামানসহ কয়েকজন যোগসাজশ করে ঘুষ নিয়ে ৩৭টি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগ দেন। এরপর এলাকাবাসীর গণপিটুনি খেয়ে হিটলারুজ্জামান এলাকা থেকে পালিয়েছেন। নতুন শিক্ষা কর্মকর্তা যোগদান করার পর জালিয়াতির মাধ্যমে ওই নিয়োগসংক্রান্ত কোনো বিল দেবেন না বলে জানিয়েছিলেন। অথচ প্রতিটি প্রার্থীর কাছ থেকে তিনি ঘুষ নিয়ে জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়া ৩৭ জন নৈশপ্রহরীর বিল গত ১ অক্টোবর ব্যাংকে জমা দেন। ওই দিন সকালেই কর্মস্থল থেকে পালিয়ে যান তিনি। পরে নিজেকে বাঁচাতে আমিনুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে এ কাজ করেছেন বলে সবার কাছে মিথ্যা তথ্য প্রচার করেন। এরপর নিয়োগবঞ্চিত প্রার্থী ও ক্ষুব্ধ এলাকাবাসী ওই দিন ইউএনওকে লাঞ্ছিত করেন। জিয়াউর রহমান বলেন, ‘এসব অনিয়ম-দুর্নীতি আড়াল করার জন্য আমার ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন আমিনুল ইসলাম।’
জানতে চাইলে ইউএনও সৈয়দ ফরহাদ হোসেন বলেন, ‘বিল ছাড় করার অনুমতি দিতে আমিনুল ইসলাম আমার বাসায় এসে বলেন ‘‘স্যার আপনি এখন ইউএনও আছেন। পরে ডিসি হবেন, সচিব হবেন। আমরা ছোট চাকরি করি। এ দিয়ে জীবনে কিছুই করতে পারব না। চাকরিজীবন এখানেই শেষ। তাই স্যার আপনি কিছু রেখে দিয়ে আমাকে বিল ছাড়ের অনুমতিটা দেন।” এ বলে আমিনুল আমিনুল আমাকে ঘুষ দিতে চেয়েছিলেন। এ কাজ করা আমার পক্ষে সম্ভব নয় বলে আমিনুল ইসলামকে যেতে বলি। পরবর্তী সময়ে আমাকে লাঞ্ছিত করার ঘটনাসহ নৈশপ্রহরীদের বিল ছাড় করা নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, তাঁর দায় আমিনুল ইসলাম এড়াতে পারেন না।’
যোগাযোগ করা হলে আমিনুল ইসলাম বিল ছাড় করাতে প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়া এবং ইউএনওকে ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. একরামুল হক বলেন, সরকারি কার্যালয়ের নথিপত্র সংরক্ষণে না রাখায় আমিনুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি রংপুর বিভাগীয় উপপরিচালককে জানানো হয়েছে।