নথি জালিয়াতি মামলার আসামির জামিন কেন বাতিল নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নথি জালিয়াতির মামলায় ঢাকার মহানগর অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের চাকরিচ্যুত বেঞ্চ সহকারী মো. মোসলেহ উদ্দিনের জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
এক আসামির জামিন আবেদনের শুনানির সময় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। ১০ দিনের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১২ জুলাই আদালতের আদেশ ও নথি জালিয়াতির অভিযোগে বেঞ্চ সহকারী মোসলেহ উদ্দিন ও এমএলএসএস শেখ নাঈমের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের নাজির মো. উবায়দুল আকন্দ। এজাহারে বলা হয়, আদালতের নথি জাল করে ভুয়া জামিননামা তৈরি করেছেন আসামিরা। পরে এই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে ইসমাইল নামে আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
গত বছরের ১ ডিসেম্বর মোসলেহ উদ্দিনকে জামিন দেন ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা। এ বিষয়টি উল্লেখ করে হাইকোর্টে জামিন চান অপর আসামি ইসমাইল। ওই জামিন আবেদনের শুনানির সময় হাইকোর্ট রুল দেন। আদালতে ইসমাইলের পক্ষে ছিলেন আইনজীবী হেলালউদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান।