নথি প্রধান বিচারপতির কাছে পাঠাতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এস এম বকস কল্লোলকে দৈনিক আমাদের সময়-এর প্রকাশক হিসেবে নিয়োগে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ স্থগিতের মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছেন হাইকোর্ট। এ ছাড়া চূড়ান্ত শুনানির জন্য বৃহত্তর বেঞ্চ গঠনের বিষয়টি বিবেচনার জন্য মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আমাদের সময় পত্রিকাটি নাঈমুল ইসলাম খান প্রথম প্রকাশ করেছিলেন। তবে গত বছর ২৮ সেপ্টেম্বর ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের (জেলা প্রশাসক) দেওয়া এক আদেশ অনুযায়ী এস এম বকস কল্লোল পত্রিকাটির প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে নাঈমুল ইসলাম খান হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানির পর গত ১৬ জানুয়ারি হাইকোর্টের ওই বেঞ্চ রুল জারি করেন এবং ওই আদেশের কার্যকারিতা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য স্থগিত করা হয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বকস কল্লোলের পক্ষে চেম্বার বিচারপতির কাছে আবেদন করা হয়। গত ১৭ জানুয়ারি চেম্বার বিচারপতি ‘নো অর্ডার’ দেন। পরে বিষয়টি শুনানির জন্য ওই বেঞ্চে আসে। গতকাল বকস কল্লোলের পক্ষে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ আদালতে মামলার গুরুত্ব বিবেচনা করে তিনজন বা পাঁচজন বিচারপতির সমন্বয়ে বৃহত্তর বেঞ্চ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এ বক্তব্য সমর্থন করেন। নাঈমুল ইসলাম খানের পক্ষে আইনজীবী আকতার ইমাম ইতিপূর্বে দেওয়া স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির আবেদন জানান। পরে আদালত আদেশ দেন।