
আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে নথি ব্যবস্থাপনার চিত্র এখনো নাজুক। বিষয়টিকে সে অর্থে গুরুত্ব দেওয়া হচ্ছে না। জাতীয় আর্কাইভও বাজেট-স্বল্পতা এবং দক্ষ জনবল-সংকটের শিকার৷
‘আন্তর্জাতিক আর্কাইভস দিবস’ উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের কার্যালয়ে প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠকে আলোচকেরা এসব কথা বলেন।
বৈঠকের আলোচকেরা নথি ব্যবস্থাপনার উন্নয়নে বিষয়টিকে মূলধারার শিক্ষা ও বুনিয়াদি প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা এবং সংশ্লিষ্ট কর্মীদের যথাযথ প্রশিক্ষণের আওতায় আনা জরুরি বলে মত দেন৷ বৈঠকের সঞ্চালক ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
গোলটেবিল বৈঠকে প্রথম আলোর উপদেষ্টা (গবেষণা ও আর্কাইভস) মুহাম্মদ লুৎফুল হক মূল প্রতিবেদনে দেশে নথি ব্যবস্থাপনার বর্তমান চিত্র তুলে ধরেন। তিনি জাতীয় আর্কাইভসকে শক্তিশালী করা, পাবলিক রেকর্ডস অ্যাক্ট প্রণয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
স্বাগত বক্তব্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস নথি ব্যবস্থাপনার বিষয়টিকে সভ্যতার সমান বয়সী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ বিষয়টিতে যতটুকু মনোযোগ দেওয়া দরকার ছিল, তা দেওয়া সম্ভব হয়নি। প্রশিক্ষণের অভাব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সমাপনী বক্তব্যে রণজিৎ কুমার বিশ্বাস সরকারের ১০টি কর্মপরিকল্পনার কথা জানান। এগুলোর মধ্যে রয়েছে, ১৯৪৩ সালের ‘রেকর্ড ম্যানুয়াল’-এর সঠিক বাস্তবায়ন, বিভিন্ন সময়ে সরকারের জারি করা সচিবালয় নির্দেশমালার পূর্ণ বাস্তবায়ন, বিপিএটিসি ও আরপিএটিসি প্রশিক্ষণ কোর্সে নথি ব্যবস্থাপনা বিষয়ে পাঠদান, জাতীয় আর্কাইভসে ‘আর্কাইভস অ্যান্ড রেকর্ড ম্যানেজমেন্ট’ বিষয়ে প্রশিক্ষণ দিতে স্কুল অব আর্কাইভাল স্টাডিজ প্রতিষ্ঠা করা ইত্যাদি৷ আলোচনায় তথ্য কমিশনার সাদেকা হালিম জাতীয় আর্কাইভসবিষয়ক আইন তৈরির ক্ষেত্রে বিশেষ কিছু প্রবিধান ও নীতিমালা রাখার সুপারিশ করেন। জাতীয় আর্কাইভসবিষয়ক আইন ও তথ্য অধিকার আইনের মধ্যে যেন কোনো ধরনের সংঘর্ষ না হয়, সে বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেন তথ্য কমিশনার৷
গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের প্রতিষ্ঠাতা পরিচালক খোন্দকার মাহবুবুল করিম। প্রবীণ মানুষটি জাতীয় আর্কাইভস প্রতিষ্ঠার ইতিহাসে ডুব দিয়ে তাদের তখনকার সংগ্রামের কাহিনি তুলে ধরেন। খোন্দকার মাহবুবুল করিম বলেন, নথি সংরক্ষণ নিছক সাংস্কৃতিক বিলাসিতা নয়। নথির মাল-মসলার উৎসকে গুরুত্ব দিতে হবে।
আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব অদুদুল বারী চৌধুরী বলেন, নথি ব্যবস্থাপনা নিয়ে গ্রন্থাগারে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা নথি মূল্যায়ন করেন। নির্দেশনা অনুযায়ী শ্রেণিবিভাজন করে তা জাতীয় আর্কাইভসে পাঠানো হয়। সে কারণে এসব কর্মকর্তাকে যথাযথ প্রশিক্ষণ দেওয়া জরুরি৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের সাবেক পরিচালক শরীফ উদ্দিন আহমেদ নথি ব্যবস্থাপনার স্তর প্রসারিত করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। শরীফ উদ্দিন আহমেদের মতে, সব নথি জাতীয় আর্কাইভে সংরক্ষণের প্রয়োজন নেই। এ ক্ষেত্রে বিভাগীয় পর্যায়কে গুরুত্ব দিতে হবে। সে কারণে জেলা পর্যায়ের বাজেট বরাদ্দে আলাদাভাবে রেকর্ড রুম-সংক্রান্ত বরাদ্দ রাখার আবেদন জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলাম বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ নথি ব্যবস্থাপনায় অনেক পিছিয়ে আছে। গবেষকদের চাহিদাও মেটানো সম্ভব হচ্ছে না। ১৯৭২ সালে যাত্রা শুরু করা অধিদপ্তরের নিয়োগবিধি হয়নি এখনো। প্রযুক্তি ব্যবহারেও অসম্পূর্ণতা আছে।
প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে দলিলপত্র সংরক্ষণের গুরুত্ব বোঝানোর তাগিদ দেন জাতীয় জাদুঘরের কিপার (পরিচালক) জাহাঙ্গীর হোসেন৷ তিনি বলেন, বিভিন্ন ধরনের প্রচারণার মাধ্যমে মানুষকে বোঝাতে হবে, দলিলপত্র শুধু ইতিহাস রচনার উপকরণই নয়, এটি দেশের আত্মপরিচয় এবং অধিকার প্রতিষ্ঠারও হাতিয়ার। একই সঙ্গে নীতিনির্ধারকদেরও জানাতে হবে, দলিলপত্রের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ সুশাসন ও উন্নয়নের সহায়ক।
বাংলা একাডেমির আর্কাইভ বিশেষজ্ঞ ফিরোজ মাহমুদ বলেন, বাংলা একাডেমিতে উপযুক্ত আসবাবপত্র তৈরি হলেও এখনো কোনো নথি প্রবেশ করেনি। এ কারণে বাংলা একাডেমিতে একজন ‘আর্কিভিস্ট’ নিয়োগে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মো. মাহবুবর রহমান বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন বিষয় যুক্ত হলেও নথি ব্যবস্থাপনার বিষয়টি আজও গুরুত্ব পায়নি। মাত্র তিনটি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগে এটি ১০০ নম্বরের কোর্স হিসেবে থাকলেও ইতিহাস বা প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় পড়ানো হয় না। তিনি জাতীয় গ্রন্থাগার ও জাতীয় আর্কাইভসবিষয়ক আইন দুটি দ্রুত পাস করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।