আশপাশের দেশের তুলনায় বাংলাদেশে নথি ব্যবস্থাপনার চিত্র এখনো নাজুক। বিষয়টিকে সে অর্থে গুরুত্ব দেওয়া হচ্ছে না। জাতীয় আর্কাইভে আছে বাজেট বরাদ্দের স্বল্পতা এবং দক্ষ জনবলের সংকট।
আজ মঙ্গলবার ‘আন্তর্জাতিক আর্কাইভস দিবস’ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠকে আলোচকেরা এসব কথা বলেন।
নথি ব্যবস্থাপনার উন্নয়নে মূলধারার শিক্ষায় ও বুনিয়াদি প্রশিক্ষণে বিষয়টিকে অন্তর্ভুক্ত করা এবং সংশ্লিষ্ট কর্মীদের যথাযথ প্রশিক্ষণের আওতায় আনা জরুরি বলে মন্তব্য করেন আলোচকেরা। তাঁরা এ বিষয়ে গবেষণা এবং সরকারি-বেসরকারি পর্যায়ের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেন। বৈঠকের সঞ্চালক ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
২০০৪ সালে ভিয়েনায় আইসিএ সংগঠনটির ১৫তম কংগ্রেসে আন্তর্জাতিক আর্কাইভস দিবস পালনের উদ্যোগ নেয়। পরে ২০০৭ সালে আইসিএ তাদের বার্ষিক সাধারণ সভায় ৯ জুনকে আন্তর্জাতিক আর্কাইভস দিবস হিসেবে ঘোষণা দেয়।
গোলটেবিল বৈঠকে প্রথম আলোর উপদেষ্টা (গবেষণা ও আর্কাইভস) মুহাম্মদ লুত্ফুল হক মূল প্রতিবেদনে নথি ব্যবস্থাপনার বর্তমান চিত্র তুলে ধরেন। তিনি জাতীয় আর্কাইভসকে শক্তিশালী করা, পাবলিক রেকর্ডস অ্যাক্ট প্রণয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
বৈঠকে স্বাগত বক্তব্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিত্ কুমার বিশ্বাস নথি ব্যবস্থাপনার বিষয়টিকে সভ্যতার সমান বয়সী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিষয়টিতে যতটুকু মনোযোগ দেওয়া দরকার ছিল, তা দেওয়া সম্ভব হয়নি। এমনকি প্রশিক্ষণের অভাব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে ‘নথি রক্ষা করতে হবে’ এ বিবেচনা সরকারের সব সময় আছে বা ছিল। আর তার ফলেই বাংলাদেশে ১৭৬০ সালের নথিও পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সমাপনী বক্তব্যে রণজিত্ কুমার বিশ্বাস সরকারের ১০টি কর্মপরিকল্পনার কথা জানান।
আলোচনায় তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, তথ্য অধিকার আইন দেশের জন্য মাইলফলক। এখানে তথ্য সংরক্ষণের বিষয়টি উল্লেখ রয়েছে। একটি আর্কাইভস হচ্ছে হাজারও তথ্যের জমা রাখার অবস্থান। তিনি জাতীয় আর্কাইভস-বিষয়ক আইন তৈরির ক্ষেত্রে বিশেষ কিছু প্রবিধান ও নীতিমালা রাখার সুপারিশ করেন।
গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের প্রতিষ্ঠাতা পরিচালক খোন্দকার মাহবুবুল করিম। তিনি জাতীয় আর্কাইভস প্রতিষ্ঠার ইতিহাসে ডুব দেন। সে সময়কার সংগ্রামের কাহিনি তুলে ধরেন।
মাহবুবুল করিম বলেন, নথি সংরক্ষণ নিছক সাংস্কৃতিক বিলাসিতা নয়। নথির মাল-মসলার উত্সকে গুরুত্ব দিতে হবে।
আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক ও যুগ্ম সচিব অদুদুল বারী চৌধুরী বলেন, নথি ব্যবস্থাপনা নিয়ে গ্রন্থাগারে বিভিন্ন সময়ে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়। তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা নথি মূল্যায়ন করেন। নির্দেশনা অনুযায়ী শ্রেণি বিভাজন করে তা জাতীয় আর্কাইভসে পাঠানো হয়। সে কারণে এসব কর্মকর্তার যথাযথ প্রশিক্ষণ দেওয়া জরুরি বলে উল্লেখ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের সাবেক পরিচালক শরীফ উদ্দিন আহমেদ নথি ব্যবস্থাপনার স্তর প্রসারিত করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর মতে, সব নথি জাতীয় আর্কাইভে সংরক্ষণের প্রয়োজন নেই। এ ক্ষেত্রে বিভাগীয় পর্যায়কে গুরুত্ব দিতে হবে। সে কারণে জেলা পর্যায়ের বাজেট বরাদ্দে আলাদাভাবে রেকর্ড রুম-সংক্রান্ত বরাদ্দ রাখার আবেদন জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মুহাম্মদ মেজবাহ-উল-ইসলাম বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ নথি ব্যবস্থাপনায় অনেক পিছিয়ে আছে।
জাতীয় জাদুঘরের কিপার (পরিচালক) জাহাঙ্গীর হোসেন জানান, বিভিন্ন ধরনের প্রচারণার মাধ্যমে মানুষকে বুঝাতে হবে, দলিলপত্র শুধু ইতিহাস রচনার উপকরণই নয়, এটি দেশের আত্মপরিচয় এবং অধিকার প্রতিষ্ঠারও হাতিয়ার। একই সঙ্গে নীতিনির্ধারকদেরও জানাতে হবে, দলিলপত্রের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ হচ্ছে সুশাসন ও উন্নয়নের সহায়ক।
বাংলা একাডেমির ফিরোজ মাহমুদ বলেন, বাংলা একাডেমিতে উপযুক্ত আসবাব তৈরি হলেও এখন কোনো নথি প্রবেশ করেনি। এ কারণে বাংলা একাডেমিতে একজন ‘আর্কিভিস্ট’ নিয়োগে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মাহবুবর রহমান বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন বিষয় যুক্ত হলেও নথি ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্ব পায়নি। মাত্র তিনটি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগে ১০০ নম্বরের কোর্স হিসেবে এটি পড়ানো হলেও ইতিহাস বা প্রত্নতত্ত্ব বিভাগে পড়ানো হচ্ছে না। তিনি জাতীয় গ্রন্থাগার এবং জাতীয় আর্কাইভস-বিষয়ক আইন দুটি দ্রুত পাস করানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।