নথি যাবে প্রধানমন্ত্রীর কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব মন্ত্রণালয় ও বিভাগে মন্ত্রী, প্রতিমন্ত্রী আছেন, সেখানে মন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিমন্ত্রীর নির্বাহী ক্ষমতা প্রয়োগের সুযোগ রহিত করা হয়েছে। তবে সব ধরনের নথি প্রতিমন্ত্রীর মাধ্যমে উত্থাপন এবং একনেক বা এ জাতীয় সভায় মন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিমন্ত্রীর সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের প্রতিনিধিত্ব করার সুযোগ থাকছে। গত ৫ মে মন্ত্রণালয় ও বিভাগসমূহের কাজে গতি আনতে মন্ত্রীর নিষ্পত্তিযোগ্য বিষয় মন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিমন্ত্রীকে নিষ্পত্তি করার ক্ষমতা দিয়ে আদেশ জারি করা হয়েছিল। গত ২৬ জুলাই এ আদেশ সংশোধন করে বলা হয়েছে, মন্ত্রী অনুপস্থিত থাকলে সেসব ক্ষেত্রে নথি বা বিষয়সমূহ প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করতে হবে। জানা যায়, বর্তমানে আটটি মন্ত্রণালয় ও বিভাগে মন্ত্রী-প্রতিমন্ত্রী উভয় আছেন। এগুলো হচ্ছে—আইন, বিচার ও সংসদ; ভূমি, প্রাথমিক ও গণশিক্ষা, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার বিভাগ, শ্রম ও কর্মসংস্থান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং পানিসম্পদ মন্ত্রণালয়। অনেক সময় মন্ত্রীরা নীতিনির্ধারণী কাজে দেশের বাইরে ও ভেতরে ব্যস্ত থাকার কারণে নথি নিষ্পত্তিতে বিলম্ব হয়। এ বিবেচনায় ৫ মে আদেশ জারি করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের কার্যপ্রণালি বিধিমালা (রুলস অব বিজনেস) অনুযায়ী, মন্ত্রণালয়ের নির্বাহী একমাত্র মন্ত্রী। আর সব মন্ত্রণালয়ের নির্বাহী প্রধানমন্ত্রী। যেখানে মন্ত্রীর নিয়োগ রয়েছে সেখানে নির্বাহী আদেশ দিয়ে প্রতিমন্ত্রীকে ক্ষমতাদান বিধিসম্মত নয়। তা ছাড়া রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রী-প্রধানমন্ত্রীর নিষ্পত্তিযোগ্য বিষয় নির্ধারিত। রুলস অব বিজনেস সংশোধন না করে প্রতিমন্ত্রীকে নির্বাহী ক্ষমতা দেওয়ার সুযোগ নেই। তথ্য অনুসন্ধানে জানা যায়, বিধিগত বিষয় ছাড়াও প্রতিমন্ত্রীকে নির্বাহী ক্ষমতা দেওয়ার বিষয়টি মন্ত্রীরাও সহজভাবে মেনে নিতে পারেননি। কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে রীতিমতো বিরোধ চলছে। অনেক বিষয় মন্ত্রী নিষ্পত্তি চান, কিন্তু প্রতিমন্ত্রী চান না আবার প্রতিমন্ত্রী চান কিন্তু মন্ত্রী চান না। ভূমি, স্বরাষ্ট্র, স্বাস্থ্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এমন নজির আছে। গত ১৩ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৫ মের আদেশ সংশোধন করতে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেওয়া হয়। এর আলোকে গত ২৬ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজের সই করা নতুন আদেশ জারি করা হয়। এতে বলা হয়, মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োজিত থাকা মন্ত্রণালয় ও বিভাগের ক্ষেত্রে মন্ত্রীর অনুপস্থিতিতে বিষয় বা নথি নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করতে হবে।