নথিতে ২৩ মামলা, হলফনামায় ৫!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া পৌরসভা নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং একই ওয়ার্ড বিএনপির সভাপতি ও বর্তমান কাউন্সিলর হারুন-উর-রশিদ ওরফে সাজুর বিরুদ্ধে হলফনামায় মামলার তথ্য গোপনের অভিযোগ উঠেছে।
এই প্রার্থী হলফনামায় অতীত-বর্তমান মিলে মোট পাঁচটি মামলা তদন্তাধীন ও বিচারাধীন থাকার কথা উল্লেখ করলেও বগুড়া সদর থানার রেকর্ড ও জেলা পুলিশের তথ্য বলছে, তাঁর বিরুদ্ধে ২৩টি মামলা বিচারাধীন ও তদন্তাধীন রয়েছে।
পুলিশ বলছে, হারুন-উর-রশিদের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের সময় গাড়ি পোড়ানো, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার অভিযোগে বিভিন্ন মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তিনি পলাতক রয়েছেন।
তবে পৌর নির্বাচনে বিএনপির মনিটরিং কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, ‘হারুন-উর-রশিদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা সব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সরকারের জুলুম-নির্যাতনের শিকার হয়ে তিনি এলাকাছাড়া। পলাতক অবস্থায় তিনি নির্বাচনে লড়ছেন।
জয়নাল আবেদীন বলেন, ‘হারুন-উর-রশিদ যে কটি মামলার কথা জানতেন, তা হলফনামায় উল্লেখ করেছেন। এর বাইরে কোনো মামলার কথা তিনি জানেন না। পুলিশ মামলার কথা গোপন রাখলে তা প্রার্থীর পক্ষে জানা সম্ভব নয়।’
হলফনামায় হারুন-উর-রশিদ উল্লেখ করেছেন, বর্তমানে তাঁর বিরুদ্ধে তিনটি মামলা তদন্তাধীন রয়েছে। দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে এবং ২০০৮ সালের একটি মামলা নিষ্পত্তি হয়েছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আছলাম আলী বলেন, কাউন্সিলর হারুন-উর-রশিদের বিরুদ্ধে সদর থানায় ২১টি মামলা তদন্তাধীন ও আদালতে বিচারাধীন রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।
হারুন-উর-রশিদের বক্তব্য নেওয়ার জন্য তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পলাতক থাকায় এবং তাঁর দুটি মুঠোফোন নম্বর বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।
বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘মামলার তথ্য পুলিশের পক্ষ থেকে গোপন রাখার যে অভিযোগ করা হচ্ছে, তা ঠিক নয়। কারণ কারও বিরুদ্ধে মামলা হলে তা থানা থেকে জানা সম্ভব না হলেও আদালত থেকে অনায়াসে তথ্য সংগ্রহ করা সম্ভব।’ তিনি বলেন, নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা বা যে কেউ ওই প্রার্থীর মামলার তথ্য চাইলে পুলিশ লিখিতভাবে তা প্রদান করবে।
বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী প্রথম আলোকে বলেন, কোনো প্রার্থী হলফনামায় মিথ্যা তথ্য দিলে বা তথ্য গোপন করলে যে কেউ চ্যালেঞ্জ করতে পারবেন। সে ক্ষেত্রে ওই প্রার্থী নির্বাচনে বিজয়ী হওয়ার পরও তথ্য গোপন করেছেন প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারবে।