নথিসহ ৬৫টি রায় ও আদেশ জমা দিয়েছেন শামসুদ্দিন

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী তাঁর হাতে লেখা প্রায় ৬৫টি রায় ও আদেশসহ সংশ্লিষ্ট মামলার নথি জমা দিয়েছেন। গতকাল সোমবার বিকেলে তিনি এসব জমা দেন। তবে সকালে তিনি সাংবাদিকদের বলেছিলেন, মামলার নথি ফেরত চেয়ে প্রধান বিচারপতির দেওয়া ‘অবৈধ’ আদেশ তিনি মানবেন না। তিনি প্রধান বিচারপতির পদত্যাগও দাবি করেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে গতকাল সন্ধ্যায় বিচারপতি শামসুদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী তাঁর লেখা রায় ও আদেশসহ সংশ্লিষ্ট মামলার নথি গ্রহণ করেছেন।
গত রোববার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, তিনি যেসব রায় ও আদেশ লেখা শেষ করেছেন, সেগুলো জমা দিতে গিয়ে ব্যর্থ হয়েছেন। এ জন্য তিনি সেগুলো গ্রহণের জন্য প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠিয়েছেন। এর কয়েক ঘণ্টা পর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে গণমাধ্যমে কথা না বলে তাঁর কাছে থাকা মামলার নথিগুলো দ্রুত ফেরত দিতে বলেছেন প্রধান বিচারপতি। রোববার রাতে বিচারপতি শামসুদ্দিন জানান, বিচারপতি ওয়াহ্হাব মিঞা তাঁর হাতে লেখা রায় ও আদেশ গ্রহণ করতে রাজি হয়েছেন।
‘বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর কর্মকাণ্ড বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন করছে’ বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘তিনি যা করছেন তা ঠিক নয়। এগুলো বন্ধ করা উচিত।’
‘বিচারপতি শামসুদ্দিনের কর্মকাণ্ডকে ন্যক্কারজনক’ উল্লেখ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিচারপতি শামসুদ্দিন দেশের বিচারব্যবস্থাকে বিতর্কিত করছেন। একই সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, তাঁকে বিচারপতি করাই ঠিক হয়নি। আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি হয়ে তিনি রাজনৈতিক দলের মিছিলেও যান, টকশোতেও যান। উনি যে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ছিলেন, তা অবসরে যাওয়ার পর দেখা গেছে।
প্রধান বিচারপতির পদত্যাগ দাবি: গতকাল সকালে সুপ্রিম কোর্টের মাজার গেটে শামসুদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, প্রধান বিচারপতি ‘রাজনৈতিক উদ্দেশ্য’ নিয়ে কাজ করছেন। অবসরপ্রাপ্ত বিচারপতিরা রায় লিখতে পারবে নান, এ কথা বহু আগে খালেদা জিয়া বলেছিলেন। উনি খালেদা জিয়ার মুখপাত্র হয়ে বিএনপির এজেন্ডা চরিতার্থ করার জন্য এটা বলেছেন। উনি বলেছেন, সরকার নাকি বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। তিনি এসব মিথ্যাচার করে বেড়াচ্ছেন মানুষের কাছে সরকারের জনপ্রিয়তা নষ্ট করার জন্য, মানুষের কাছে এই সরকারের ব্যাপারে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। তাঁর পদত্যাগ করা উচিত।
বিচারপতি শামসুদ্দিন সাংবাদিকদের বলেন, মামলার নথি ফেরত চেয়ে প্রধান বিচারপতির দেওয়া ‘অবৈধ’ আদেশ তিনি মানবেন না।
এর আগে অবসরে যাওয়ার পরপরই প্রধান বিচারপতির অভিশংসন চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছিলেন বিচারপতি শামসুদ্দিন।
জানতে চাইলে বিচারপতি শামসুদ্দিন বলেন, ‘অবসরের পর লেখা রায় গ্রহণ না করার নির্দেশনা দিয়ে প্রধান বিচারপতি বলেছিলেন মামলার নথি ফেরত দিতে। এর পরিপ্রেক্ষিতে আমি নথি ফেরত না দেওয়ার কথা বলেছিলাম। যেহেতু এখন আমার হাতে লেখা রায় ও আদেশ গ্রহণ করা হয়েছে, স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট মামলার নথিও এর সঙ্গে চলে যাবে।’ তিনি জানান, অবসরের পর লেখার জন্য তাঁর হাতে আর কোনো রায় ও আদেশ বাকি নেই।
গত রোববার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর সংবাদ সম্মেলন করা ‘নজিরবিহীন’। এতে বলা হয়, প্রধান বিচারপতি আশা করেন, বর্তমান ও ভবিষ্যতে বিচারপতিরা কোর্টের পবিত্রতা ও মর্যাদা বজায় রাখতে এ ধরনের কাজ থেকে বিরত থাকবেন।
বিচারপতিরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন: রায় লেখার সময় নিয়ে বিতর্ক এড়াতে সুপ্রিম কোর্টের বিচারপতিরাই একটা সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন সংবিধানপ্রণেতাদের অন্যতম ড. কামাল হোসেন। গতকাল বিবিসি বাংলাকে তিনি বলেন, অবসরের পর রায় লেখা যাবে কি না, এ বিষয়ে সঠিক ব্যাখ্যা সেটাই হবে, যেটা সর্বোচ্চ আদালত বিবেচনা করে বলবেন। বিচার বিভাগের সেই ক্ষমতা আছে।