নদ ও খালে বর্জ্য ফেলছে হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষ
শত বছরের পুরোনো হবিগঞ্জ পৌরসভায় গড়ে ওঠেনি কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা। নিজস্ব ভাগাড় না থাকায় পৌর কর্তৃপক্ষ শহরবাসীর কাছ থেকে বর্জ্য সংগ্রহ করে পাশের নদ, খাল, পুকুর ও ডোবায় ফেলছে। ফলে ভোগান্তিতে পড়ছে স্থানীয় লোকজন। পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিচ্ছে।
হবিগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, ১৮৮১ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভা প্রথম শ্রেণির স্বীকৃতি পায় ১৯৯০ সালে। প্রায় ১০ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভায় বর্তমানে লক্ষাধিক লোকের বসবাস। শহরের বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রতিদিন প্রায় ১৫ টন বর্জ্য তৈরি হয়। কিছু আবাসিক এলাকায় পৌরসভার সিডিসি ফাউন্ডেশনের ভ্যানের মাধ্যমে বর্জ্য সংগ্রহ করা হয়। তবে অধিকাংশ এলাকায় ব্যক্তি উদ্যোগে কিছু শ্রমিক বাসাবাড়িতে গিয়ে বর্জ্য সংগ্রহ করেন। ব্যবসাপ্রতিষ্ঠানের বর্জ্য ফেলার জন্য শহরের কিছু স্থানে পৌরসভার নির্ধারিত ১৫টি ডাস্টবিন রয়েছে। পৌরসভার দুটি ট্রাকে বর্জ্য অপসারণ করা হয়।
বর্জ্য সংগ্রহ করলেও পৌরসভার নির্দিষ্ট ভাগাড় নেই। বর্তমানে তারা শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানকে বেছে নিয়েছে বর্জ্য ফেলার স্থান হিসেবে। গত কয়েক দিন সরেজমিনে দেখা গেছে, শহরের খোয়াই নদের চৌধুরী বাজার সেতু এলাকা, জেলা আধুনিক স্টেডিয়ামের সামনের খাল, পুরোনো বাজার রেল পুকুর ও কালীগাছতলার ডোবাসহ বেশ কিছু স্থানে ফেলা হচ্ছে এসব বর্জ্য। এতে আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। অনেকে নাকে কাপড় চেপে চলাচল করছেন।
হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ছাত্র তানজিল কায়সারের বাসা শহরের সুলতান মাহমুদ এলাকায়। তিনি বলেন, বাসা থেকে বের হয়ে প্রতিদিন কলেজে যাওয়ার পথে বিড়ম্বনায় পড়তে হয়। আধুনিক স্টেডিয়ামের কাছে গেলেই দুর্গন্ধ আসে। নাকে কাপড় চেপে চলাচল করেও রেহাই পাওয়া যায় না। একই এলাকার বাসিন্দা ব্যবসায়ী সফিকুল আলম বলেন, এ এলাকা শহরের গুরুত্বপূর্ণ স্থান। এখানে একটি বড় খাল রয়েছে। এ খাল দিয়ে বর্ষা মৌসুমে বৃষ্টির পানিসহ শহরের সব পানি নিষ্কাশন হয়ে থাকে। কিন্তু পৌরসভা বর্জ্য ফেলে খালটি ভরাট করে দিয়েছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, পৌর কর্তৃপক্ষ নিজেই শহরের পরিবেশ নষ্ট করছে। তারা বর্জ্য ফেলার জন্য খোয়াই নদ ও নবনির্মিত স্টেডিয়ামের চারপাশসহ বেশ কয়েকটি স্থান বেছে নিয়েছে। এভাবে চলতে থাকলে শহরে বসবাস করা কঠিন হয়ে দাঁড়াবে। অনেক আগে থেকেই তাঁরা বর্জ্য ফেলার জন্য শহরের বাইরে ভাগাড় নির্মাণের দাবি জানিয়ে আসছেন।
পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) দিলীপ কুমার দাস বলেন, ‘বর্জ্য ফেলার জন্য তিন বছর আগে শহরতলির আতুকুড়া এলাকায় ২ একর ২০ শতক জমি কেনা হয়েছে। কিন্তু সেখানকার বাসিন্দারা আপত্তি জানাচ্ছেন। তাঁদের বলেছি, সেখানে বর্জ্য প্রক্রিয়াজাত করা হবে, পরিবেশ বিনষ্ট হবে না। তারপরও ওই এলাকার লোকজনের বাধার কারণে ওই জমি ব্যবহার করা সম্ভব হচ্ছে না।’