নদ থেকে বালু তুলছেন আওয়ামী লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে ঘাঘট নদ থেকে শ্যালো যন্ত্র দিয়ে বালু তুলছেন সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর ইসলাম। এই বালু দিয়ে একটি পুকুর ভরাট করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে জানা যায়, গত দুই সপ্তাহ ধরে সদর উপজেলার তাম্পাট ইউনিয়নের লক্ষ্মণপাড়া গ্রামে দমদমা সেতুর ৫০০ গজ দূরে ঘাঘট নদে একটি শ্যালো যন্ত্র বসিয়ে বালু তোলা হচ্ছে। পাইপ দিয়ে নদ থেকে এই বালু নিয়ে প্রায় ৬০০ ফুট দূরে লক্ষ্মণপাড়া গ্রামের শিক্ষক সিরাজুল ইসলামের পুকুর ভরাট করা হচ্ছে। সিরাজুল জানান, পুকুরটি ভরাট করার জন্য আমিনুরের সঙ্গে তাঁর এক লাখ টাকায় চুক্তি হয়েছে। বালুমহাল ইজারা প্রদান এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইনের ৪-এর খ ধারায় উল্লেখ আছে—সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, বন, রেললাইন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা বা আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে বালু বা মাটি তোলা নিষিদ্ধ। এদিকে নদ থেকে বালু তোলার কারণে ওই এলাকার আশপাশের জমি ও স্থাপনা ভাঙনের কবলে পড়েছে। সেতুর পাশের জমির মালিক কৃষক আনজারুল ইসলাম বলেন, ‘এমনিতে নদী ভাঙি নিয়া গেইছে কিছু জমি। তার ওপর যদি বালু তোলা হয়, তাইলে আরও কিছু জমি ভাঙি যাইবে।’ কৃষক আজিত মিয়া বলেন, ‘ওমাক বালু তুলবার নিষেধ করছি। ওমরা শোনে নাই।’ নদ থেকে বালু তোলায় সেতুর পাশে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের তিনতলা ভবনও হুমকির মুখে পড়েছে। শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, এক লাখ টাকায় পুকুরটি ভরাট করার জন্য তিনি আমিনুরকে চুক্তি দিয়েছেন। অবৈধভাবে বালু উত্তোলনকারী উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর ইসলাম বলেন, ওইটুকু বালু তুললে কী এমন ক্ষতি হবে। কতজনই তো এভাবে বালু তুলছেন । সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাইন বিল্লাহ বলেন, বিষয়টি জানা নেই। যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।