নদ থেকে বালু তুলে জমি ভরাট করছেন পৌর মেয়র
ঠাকুরগাঁও শহর দিয়ে প্রবাহিত টাঙ্গন নদে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র বসিয়ে অবৈধভাবে বালু তুলছেন পৌর মেয়র এস এম এ মঈন। নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের জমি ভরাট করতে তিনি বালু তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নদের তীর সংরক্ষণ বাঁধ ও আশপাশের স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে।
গতকাল শনিবার সকালে টাঙ্গন নদের পাড়ে গিয়ে দেখা যায়, শহরের আর্ট গ্যালারি মোড়ের হরিপুর-রানীশংকৈল-বালিয়াডাঙ্গী বাসস্ট্যান্ডের পাশে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের কাজ চলছে। ওই ভবনের জমি ভরাটের জন্য ৯ অক্টোবর থেকে টাঙ্গন নদের তীর সংরক্ষণ বাঁধের ৩০ থেকে ৩৫ ফুট দূরে শ্যালো ইঞ্জিনচালিত খননযন্ত্র বসিয়ে ভরাট শুরু হয়।
ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগ সূত্র জানায়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে এক কোটি ৬০ লাখ টাকা। এতে জমি ভরাটের জন্য ব্যয় ধরা রয়েছে দুই লাখ ২০ হাজার টাকা।
বালু ভরাটের তত্ত্বাবধানে থাকা শহিদুল ইসলাম বলেন, ‘প্রতি হাজার ঘনফুট বালু তোলার জন্য দুই হাজার ৫০০ টাকা হিসাবে ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে। কাজ ৮-১০ দিনের মধ্যে শেষ হবে। ওই কমপ্লেক্সের এলাকা ভরাট করতে ৪০ হাজার ঘনফুটের মতো বালু লাগতে পারে বলে ধারণা করছি। সম্পূর্ণ কাজ করতে পারলে আমরা এক লাখ টাকার মতো বিল পাব।’
আশ্রমপাড়ার বাসিন্দা আইনুল হক বলেন, ঠিকাদার জমি ভরাটের খরচ সাশ্রয় করতে নদ থেকে অবৈধভাবে বালু তুলে প্রকল্প এলাকা ভরাট করছেন।
নাম প্রকাশ না করার শর্তে শহরের এক প্রকৌশলী জানান, নদের তীর ঘেঁষে খননযন্ত্র দিয়ে অপরিকল্পিতভাবে বালু তোলা হলে নদের সেতু, তীর সংরক্ষণ বাঁধসহ আশপাশের স্থাপনা ধসে পড়তে পারে।
সংশ্লিষ্ট ঠিকাদার সোহেল পারভেজ জানান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবন নির্মাণকাজে তাঁর প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হলেও তিনি কাজটি করছেন না। স্থানীয় ঠিকাদার এস এম এ মঈন কাজটি করছেন বলে তিনি জানান।
এ ব্যাপারে এস এম এ মঈন প্রথম আলোকে বলেন, নিয়ম মেনেই বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদের আশপাশের স্থাপনার কোনো ক্ষতির আশঙ্কা নেই।
ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মাউসুদুর রহমান জানান, ঠিকাদার কোথা থেকে জমি ভরাট করলেন, তা তাঁদের দেখার বিষয় নয়। তবে সেটা করতে গিয়ে কোনো স্থাপনার যেন ক্ষতি না হয়, সেটা তিনি দেখবেন।
ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নৈমুল হক বলেন, টাঙ্গন নদ থেকে বালু তোলার জন্য ঠিকাদার তাঁদের কাছ থেকে অনুমতি নেননি। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।