নদ দখলে নিয়ে ভবন নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী বাজারের পাশে ব্রহ্মপুত্র নদ দখলে নিয়ে ভবন নির্মাণ করা হচ্ছে। এ ঘটনায় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

এলাকাবাসী সূত্র জানায়, প্রায় ছয় মাস আগে বারদী বাজারের উত্তর পাশে ব্রহ্মপুত্র নদ দখলে নিয়ে দৌলরদী গ্রামের বাসিন্দা আবদুস সামাদ মার্কেট নির্মাণের কাজ শুরু করেন। পরে এলাকাবাসী নদ দখলের প্রতিবাদে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন। পরে ইউএনওর নির্দেশে ভূমি কর্মকর্তারা নির্মাণকাজ বন্ধ করে দেন। গত সপ্তাহে আবারও নির্মাণকাজ শুরু করা হয়।

বারদী বাজারের ব্যবসায়ী মমতাজ উদ্দিন বলেন, এই বাজার সোনারগাঁ তথা নারায়ণগঞ্জ জেলার সবচেয়ে পুরোনো ও ঐতিহ্যবাহী বাজার। সুতা ও থান কাপড়ের জন্য বিখ্যাত এ বাজারে বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা আসেন। ব্যবসায়ীরা ব্রহ্মপুত্র নদ দিয়ে নৌযানে মালামাল আনা-নেওয়া করেন। তা ছাড়া বারদী ও নোয়াগাঁও—এ দুটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের বৃষ্টির পানি এ নদ দিয়ে নিষ্কাশন হয়। শুষ্ক মৌসুমে এ নদের পানি ব্যবহার করে বোরো ধানের সেচ দেওয়া হয়। তবে নদে স্থাপনা নির্মাণ করা হলে এলাকাবাসী ও ব্যবসায়ীরা গুরুতর সমস্যার মধ্যে পড়বেন।

যোগাযোগ করলে আবদুস সামাদ বলেন, ‘আমার নিজস্ব জমিতেই আমি নির্মাণকাজ শুরু করেছি।’ এভাবে স্থাপনা নির্মাণ করলে নদ দিয়ে বর্ষা মৌসুমে কোনো নৌযান চলতে পারবে না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এতে আমার কিছু করার নেই। বর্তমানে জায়গার শ্রেণি নদ ও নিচু ভূমি হলেও রেকর্ডপত্রে তা আমার নামে নামজারি করা সম্পত্তি। এ সম্পত্তি যে আমার, ভূমি কর্মকর্তারা কাগজপত্র দেখে সে সত্যতা স্বীকার করতে বাধ্য হয়েছেন। ভূমি কর্মকর্তাদের অনুমতি নিয়েই আমি আবার নির্মাণকাজ শুরু করেছি।’

জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত বলেন, ‘নদের জায়গা ছেড়ে স্থাপনা নির্মাণের জন্য জমির মালিক দাবিদার আবদুস সামাদকে নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি যদি আমাদের কথা অমান্য করে নদ দখল করে থাকেন, তবে তদন্ত করে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে গতকাল সোমবার ইউএনও শাহীনুর ইসলাম প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।