নদ-নদীর বুকজুড়ে চর চলছে বোরো চাষাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসমুখে ভারত বাঁধ ও জলকপাট নির্মাণ করায় ঠাকুরগাঁওয়ের নদ-নদীতে পানি প্রবাহ একেবারেই কমে গেছে। শুকিয়ে গেছে অনেক নদ-নদী। পানিতে স্রোত না থাকায় এসব নদীর বুকে জেগেছে বালুচর। এসব চরে এখন কৃষকেরা বোরো ধান আবাদ করেছেন।
ঠাকুরগাঁও সদর উপজেলার টাংগন, সেনুয়া, ভুল্লী, ঢেপা, শুক, বালিয়াডাঙ্গী উপজেলার অহনা, তিরনই, রানীশংকৈলের কুলিক, পীরগঞ্জের লাচ্ছি, চরনা এবং হরিপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া নাগর নদীতে এখন বিস্তীর্ণ চর।
আশেপাশের মানুষ এসব নদ-নদীতে একসময় মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। পানি না থাকায় এখন মাছও কমে গেছে। এতে নদী তীরের মানুষের পেশাও বদলে গেছে। নভেম্বরের দিকে নদীর পানি কমে এলে বালুচর বোরো চাষের উপযোগী করে তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েন এসব মানুষ। চলে ধান চাষ।
সরেজমিনে ২০ মার্চ সকাল ১০টার দিকে দেখা যায়, শহরের টাঙ্গণ নদের পাকা সেতুর নিচে নদের বুকে চরের জমিতে হাল দিচ্ছেন জলেশ্বরীতলা মহল্লার মঞ্জুরুল হক নামে এক ব্যক্তি। পাশেই জমি তৈরী করছেন মোহাম্মদ আলম নামে আরেক স্থানীয়। মঞ্জুরুল বলেন, তিনি কয়েক বছর ধরেই নদীর চরে ধান-গম চাষ করছেন।
আনুমানিক ২০০ গজ দূরেই লোহার সেতুর পূর্ব পাশে বোরো ধানের খেতে সেচ দিচ্ছিলেন আব্দুল আলী। তিনি জানান, নদের বালুচরে আবাদ করায় খরচ কম লাগে। এখানে বোরো আবাদে পানির বাড়তি সেচ লাগে না। খুব বেশি সারও ব্যবহার করতে হয় না।
জেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সাত্তার বলেন, ঠাকুরগাঁওয়ের ওপর দিয়ে বয়ে যাওয়া নদীগুলোর বেশিরভাগেরই উৎস ভারতে। উৎসমুখে বাঁধ নির্মাণ করায় এখানকার নদ-নদীগুলো শুকিয়ে গেছে। জীববৈচিত্রের ওপরও প্রচণ্ড প্রভাব পড়েছে। মাছ ও পাখির বিচরণক্ষেত্র কমে গেছে। মাছ বংশ বিস্তারের জন্য পর্যাপ্ত পানি পাচ্ছে না। নদীর বুকে চাষাবাদ চলায় সেখানে কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এসব কীটনাশকের প্রভাবেও মাছ ক্ষতিগ্রস্থ হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক আশেদ আলী বলেন, ভূমিহীন কৃষকেরা সুযোগ পেলেই এসব নদী চরে চাষাবাদ করে। এখন তাঁরা বোরো আবাদ করছেন।
পাউবোর নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার বলেন, জেলার ওপর দিয়ে প্রবাহিত নদ-নদী ড্রেজিং করে বাঁধ ও জলকপাট নির্মাণ করতে হবে। সেই সঙ্গে পানির সঠিক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে কৃষিক্ষেত্রে সেচসুবিধা অব্যাহত রাখা সম্ভব।