নদ পারাপারে কলার ভেলাই ভরসা!
রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ও দিনাজপুরের পার্বতীপুরের হরিরামপুর ইউনিয়নের কোল ঘেঁষে বয়ে গেছে ঘৃণই নদ। এই নদের সহিম সরকারের ঘাটে সেতু না থাকায় ওই দুই ইউনিয়নের অন্তত ৩০ হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা কলার ভেলা।
সরেজমিনে দেখা গেছে, সহিম সরকারের ঘাটের দুই পারে শক্ত খুঁটি পুঁতে নদের ওপর দিয়ে রশি টানা হয়েছে। এই রশি টেনে কলার ভেলায় নদ পারাপার হচ্ছে স্থানীয় মানুষ।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, নদ পারাপারে মানুষের দুর্ভোগ লাঘবে তিন বছর আগে ওই ঘাটে বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছিল স্থানীয় সামাজিক সংগঠন তরুণ সংঘ। গত বছর তা নষ্ট হওয়ার পর থেকে নদ পারাপারে কলার ভেলাই এখন একমাত্র ভরসা। ঘাটটি পার্বতীপুর ও বদরগঞ্জ সীমান্তে হওয়ায় সেখানে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে না। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে।
বিষ্ণুপুর ইউনিয়নের বাসিন্দা সজীব মিয়া বলেন, ‘ওই ঘাটে সেতু না থাকায় ধান-পাটসহ অন্য ফসল পারাপার করা সম্ভব হয় না। প্রতিদিন আমাদের ইউনিয়নের মানুষ কলার ভেলার সাহায্যে পাশের দিনাজপুরের পার্বতীপুর, নবাবগঞ্জ, আফতাবগঞ্জ ও ফুলবাড়ীতে যাওয়া-আসা করেন। শিক্ষার্থীরাও ঝুঁকি নিয়ে প্রতিদিন ভেলা টেনে নদের দুই পারে অবস্থিত স্কুলে যাওয়া-আসা করছে। এই ঘাটে সেতু নির্মাণের দাবিতে তিনবার মানববন্ধন ও সমাবেশও হয়েছে। কিন্তু কাজ হয়নি।’
বদরগঞ্জের লালবাড়ি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী শামীমা আক্তার বলে, ‘আমি হরিরামপুর ইউনিয়নের সোনারপাড়া গ্রাম থেকে প্রতিদিন ওই নদীর ঘাট দিয়ে পার হয়ে মাদ্রাসায় আসি। ১০ দিন আগে নদী পার হতে গিয়ে কলার ভেলা তলিয়ে গিয়েছিল। সাঁতার জানি তাই পার হতে পেরেছি। কিন্তু বই-খাতা পানিতে ভেসে গেছে। কেউ আমাদের কষ্ট দেখে না।’
স্থানীয় তরুণ সংঘের সাধারণ সম্পাদক নয়ন শাহ্ বলেন, ‘দুই ইউনিয়নের মানুষের পারাপারে কষ্ট দেখে তিন বছর আগে আমরা সংগঠনের পক্ষ থেকে ওই ঘাটে বাঁশের সাঁকো নির্মাণ করেছিলাম। কিন্তু গত বছর তা নষ্ট হয়ে যায়। সংগঠনের তহবিল না থাকায় পুনরায় সেখানে আর বাঁশের সাঁকো নির্মাণ করতে পারিনি।’
বিষ্ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মশিউর রহমান বলেন, ‘আমার ওয়ার্ডের পাশ দিয়েই ঘৃণই নদ বয়ে গেছে। এ নদের সহিম সরকারের ঘাটে সেতু নির্মাণের জন্য দুই এলাকার সাংসদের কাছে অনেক ধরনা দিয়েছি। কাজ হয়নি।’
হরিরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ শাহ বলেন, ‘ওই ঘাটে সেতু করতে সম্প্রতি আমি মন্ত্রীর (প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান) সঙ্গে কথা বলেছি। উনি সেখানে সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন।’
জানতে চাইলে বিষ্ণুপুরের ইউপি চেয়ারম্যান টুটুল চৌধুরী বলেন, ‘ভাই, চেয়ারম্যানের হাতে এত বড় সেতু করার ক্ষমতা নেই। কাজেই মানুষের দুর্ভোগ দেখা ছাড়া করার কী আছে।’
বদরগঞ্জ উপজেলা প্রকৌশলী আবু তালেব বলেন, ‘ওই ঘাটে সেতু না থাকায় নদ পারাপারে মানুষের অনেক সমস্যা হয়, তা আমি জানি। সেতু নির্মাণ অনেক বড় বিষয়। আমরা চেষ্টা করছি।’ পার্বতীপুর উপজেলা প্রকৌশলী এস এম রায়হানুল ইসলাম বলেন, ওই ঘাটে সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করা হয়েছে। সম্প্রতি সেখানে সেতু করতে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী একটি ডিও লেটার দিয়েছেন।