নদ ভরাট করে দোকান নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোমনার রামকৃষ্ণপুরে নদের জায়গা দখল করে নির্মাণ করা ঘর l   প্রথম আলো
হোমনার রামকৃষ্ণপুরে নদের জায়গা দখল করে নির্মাণ করা ঘর l প্রথম আলো

কুমিল্লার হোমনা উপজেলায় তিতাস নদের জায়গা ভরাট করে একটি দোকান নির্মাণ করা হয়েছে। স্থানীয় চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল বাশার দোকান মালিককে অবৈধভাবে নদের জমি বন্দোবস্ত পেতে সহায়তা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
হোমনা উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ মে কুমিল্লা জেলা প্রশাসক হোমনা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের শামিমা নাছরিন নামের এক নারীকে রামকৃষ্ণপুর মৌজার ৯১৪ নম্বর দাগে রামকৃষ্ণপুর বাজারের আধা শতক জায়গা একসনা বন্দোবস্ত দেন।
গত ৩০ জুন সরেজমিনে রামকৃষ্ণপুর বাজার এলাকায় দেখা যায়, রামকৃষ্ণপুর বাজারের উত্তর-পূর্ব পাশে খেয়াঘাটসংলগ্ন তিতাস নদে বাঁশের বেড়া দিয়ে মাটি ফেলে একটি দোচালা টিনের ঘর নির্মাণ করা রয়েছে। নদ থেকে প্রায় ১০ ফুট উঁচু করে মাটি দিয়ে ভরাট করে ঘরটি নির্মাণ করা হয়েছে।
শামিমা নাছরিনের ভাই রোকনুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি এক বছর পূর্বে আবুল বাশার চেয়ারম্যান ও নায়েব সাহেবের (চান্দেরচর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা) মাধ্যমে দেড় লাখ টাকা দিয়ে আমার বোনের নামে আধা শতকের একটি প্লট বন্দোবস্ত পেয়েছি। একেবারে নিচু জায়গা হওয়ায় তখনকার নায়েব সাহেব এবং চেয়ারম্যান মিলে জায়গা মাটি দিয়ে ভরাট করে আমাকে বুঝিয়ে দিয়েছেন। তার পরও ৫০ হাজার টাকা আলাদা খরচ করতে হয়েছে।’ তবে তিনি কারও কাছ থেকে কোনো রসিদ পাননি বলে জানান।
চান্দেরচর ইউনিয়নের সাবেক ভূমি সহকারী কর্মকর্তা আবদুল লতিফ বলেন, ‘ঘাটের পাশের জায়গাটুকু তিতাস নদের খাস জায়গা, সেই জায়গা আবুল বাশার চেয়ারম্যান নিজে মাটি ভরাট করে দিয়েছেন। ওপর থেকে আমাকে যেভাবে বলেছে আমি সেভাবেই প্রতিবেদন দিয়েছি। এ জন্য আমি কোনো টাকা পাইনি।’
চান্দেরচর ইউপির চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার বলেন, ‘আগের ইউএনও স্যার আমাকে বলেছেন খাস জায়গা মাটি দিয়ে ভরাট করতে। তাই আমি মাটি ভরাট করে দিয়েছি। তারপর সেই জায়গা দোকান হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে। আমি কারও কাছ থেকে কোনো টাকাপয়সা নিইনি।’
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ জামিল জানান, রামকৃষ্ণপুর বাজারে দোকান বন্দোবস্ত দেওয়ার বিষয়টি তিনি জানেন না। তবে মাটি ভরাট করে কাউকে প্লট বরাদ্দ দেওয়ার কথা নয়। নদের জায়গা বরাদ্দ দেওয়ার কোনো কারণই নেই। এমনটি হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।