নদজুড়ে মাছের মরণফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়িয়াল খাঁ নদের মাদারীপুরের শিবচর উপজেলার নিলখী এলাকায় বাঁধ দিয়ে অবৈধভাবে মাছ ধরা হচ্ছে। বাঁশ ও ফাঁস জাল দিয়ে তৈরি এই বাঁধে সব প্রজাতির বড় মাছের পাশাপাশি ছোট ও পোনামাছও আটকে যাচ্ছে। এতে একদিকে বড় হওয়ার আগেই মাছ মারা যাচ্ছে, অন্যদিকে মাছের বংশ বৃদ্ধি ব্যাহত হচ্ছে। নদের বিশাল অংশজুড়ে বাঁধ থাকায় ট্রলার, নৌকাসহ বিভিন্ন নৌযানে করে যাত্রীরা যাতায়াত করতে পারছে না। ২৪ ডিসেম্বর সরেজমিনে দেখা গেছে, আড়িয়াল খাঁ নদের দুর্গম একটি এলাকায় এই বাঁধটি দেওয়া হয়েছে। নিলখী নামের ওই স্থানে শিবচর উপজেলা শহর থেকে ট্রলারে করে যেতে এক ঘণ্টা সময় লাগে। এই স্থানে নদের প্রায় পৌনে এক কিলোমিটার এলাকাজুড়ে আড়াআড়িভাবে এই বাঁধ দেওয়া হয়েছে। নদের পশ্চিম দিকে ট্রলার ও নৌকাসহ অন্যান্য নৌযান চলাচলের জন্য ২০-৩০ ফুট ফাঁকা জায়গা রাখা হয়েছে। তবে এ জায়গা দিয়ে পাশাপাশি দুটি ছোট নৌকা বা ইঞ্জিনচালিত ট্রলার চলাচল করতে পারে না। বাঁধের কাছে গিয়ে কথা হয় মাছ ধরার কাজে নিয়োজিত জেলে মনোরঞ্জন, সুখদেব ও বিকাশের সঙ্গে। এই তিনজনের বাড়ি শিবচর ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে। তাঁরা জানান, প্রতিবছর তাঁরা শুষ্ক মৌসুমে নদীর এ স্থানে বাঁধ দিয়ে মাছ ধরেন। তাঁদের এই কাজে কেউ বাধা দেন না। বাঁধের এই জালে ইলিশ, আইড়, বোয়াল, বেলেসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক নিলখী ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য জানান, এ বাঁধটি জোর করে দিয়েছে। নদের মধ্যে বাঁধ দেওয়ার কারণে উৎরাইল হাটে ব্যবসায়ীরা যাওয়া-আসার সময় ওই স্থানে মাঝেমধ্যে ছিনতাইকারীদের কবলে পড়েন। পাশের শিরুয়াইল ইউপির চেয়ারম্যান মুরাদ হাওলাদার বলেন, ‘এখানে বাঁধ দেওয়ায় আমাদের ক্ষতি হয়। নৌকা ঠিকমতো উৎরাইল হাটে আসতে পারে না। শিবচরের রবি মালো, মানিক মালোসহ ছয়-সাতজন জেলে এই বাঁধ তত্ত্বাবধান করেন। শিবচরের দু-চারজন প্রভাবশালী রাজনৈতিক নেতাও এদের আশ্রয়-প্রশ্রয় দেন।’নিলখী ইউপির চেয়ারম্যান হাবিব মাতুব্বর বলেন, ‘ইলিশমাছ ধরার এই বাঁধটি বর্ষার সিজনে থাকে না, প্রতিবছরই শুকনার দিনে দেওয়া হয়। আমি তো ওই এলাকায় বেশি যাই না, তাই এবার কে বাঁধ দিয়েছে তা আমি জানি না।’ উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন জানান, নদীর মাঝখানে এভাবে বাঁধ দেওয়া বেআইনি। প্রত্যন্ত এলাকা হওয়ায় নিলখীতে সব সময় যাওয়া সম্ভব হয় না। তবে শিগগিরই সেখানে অভিযান চালিয়ে বাঁধ ভেঙে দেওয়া হবে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘মাছের গতি রোধ করে নদের মধ্যে কেউ কোনো বাঁধ দিতে পারে না। প্রশাসন থেকে কখনোই এ ধরনের কোনো ইজারা দেওয়া হয় না।’