নদনদীর উজানে বাঁধ নির্মাণ বন্ধে সরকারকে প্রতিবাদী হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের সারী নদীর পর এবার ধলাই নদের উজানে ভারতের বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে বাঁধ নির্মাণ বন্ধে বাংলাদেশ সরকারকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানানো হয়। গতকাল শনিবার বিকেলে সিলেট নগরের কোর্ট পয়েন্টে এই সমাবেশ হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এ সমাবেশের আয়োজন করে। গত ২৯ ফেব্রুয়ারি সিলেটের অন্যতম সীমান্ত নদী সারীর উজানে মেঘালয় রাজ্যের জলবিদ্যুৎ প্রকল্পের একটি বাঁধ নির্মাণের পর ভারত সরকার একই রাজ্যে আরেকটি বাঁধ নির্মাণের কাজ শুরু করে। ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২০ এপ্রিল মেঘালয় রাজ্য সরকারের সঙ্গে একটি সমঝোতা সঞ্চারক (এমওই) সই করে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার করপোরেশন লিমিটেড (নিপকো)। প্রকল্পের অধীনে ৮৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য উমিউ নদীতে ‘মাওফু জলবিদ্যুৎ বাঁধ’ নির্মাণ করা হবে। উমিউ নদী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ধলাই নাম ধারণ করেছে। গত ১৭ সেপ্টেম্বর ভারতের কেন্দ্রীয় জ্বালানিমন্ত্রী এম বিরাপ্পা মইলি বাঁধ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ধলাইর উজানে বাঁধ হলে শুরুতে বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়বে বাংলাদেশের অন্যতম পাথর কোয়ারি ভোলাগঞ্জ। বাঁধ হলে ধলাই নদীর উৎসমুখে ভোলাগঞ্জ পাথর কোয়ারি আর থাকবে না—এমন আশঙ্কা করছেন ধলাইপারের মানুষ। এ পরিস্থিতিতে গতকাল ওই সমাবেশ করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরীফ জামিল। ধলাই নদের পাথর কোয়ারিতে কর্মরত বারকি শ্রমিকদের সংগঠনের সভাপতি আবদুল আজিজের সভাপতিত্বে সমাবেশে বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগের শিক্ষক মোহাম্মদ রিদওয়ান, সারী বাঁচাও আন্দোলনের সভাপতি মোহামঞ্চদ আবদুল হাই, কোম্পানীগঞ্জ বারকি শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবদুল আউয়াল প্রমুখ বক্তব্য দেন। শরীফ জামিল বক্তৃতায় বলেন, ‘আন্তর্জাতিক নদী আইন মানছে না ভারত। যৌথ নদী কমিশনের বৈঠক হয় না। বাংলাদেশ থেকে এ জন্য কড়া প্রতিবাদ জানানোর কথা। অথচ সরকারে যারা থাকে, তারা পাথরের ভূমিকায় থাকে। আমরা “পাথর” সরকারের কাছে বারবার প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ করুন, নইলে প্রাকৃতিক বিপর্যয় এলে প্রতিবাদ করার অবকাশ থাকবে না।’ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারত একতরফাভাবে একের পর এক নদীর উজানে বাঁধ দিচ্ছে। বাঁধের ফলে ভাটিতে বাংলাদেশের নদনদীগুলোর ওপর বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অথচ কোনো সরকার এ ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখছে না। ক্ষমতার রাজনীতির কারণে রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়ায় দেশের মৌলিক এ সমস্যার সমাধানে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।