নদীর সঙ্গে কৃষি, মৎস্য ও সার্বিক পরিবেশ জড়িয়ে আছে। নদী মানুষের আপন প্রতিবেশী। বিষয়টি সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে হবে। আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার শাখার উদ্যোগে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার শহরের বড়হাট এলাকায় শুকিয়ে যাওয়া মনু নদীতে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা আরও বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে। দেশ বাঁচলে মানুষ বাঁচবে। আর মানুষ বাঁচলে পৃথিবী রক্ষা পাবে। শুধু দেশ নয়, পৃথিবীর মানবজাতির স্বার্থেই দেশের সব নদীর নাব্যতা রক্ষা এবং ভরাট হয়ে যাওয়া নদী পুনর্খনন প্রয়োজন। যেসব নদীদূষণের শিকার হয়েছে, তার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বাপার মৌলভীবাজারের সমন্বয়ক আ স ম সালেহ সুহেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন নাট্যকর্মী আবদুল মতিন, জেলা নাট্য পরিষদের সাধারণ সম্পাদক যাদব গুপ্ত চৌধুরী, শিশু-কিশোর সাংস্কৃতিক জোটের সদস্যসচিব মো. আবদুল কাইয়ুম প্রমুখ।